২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ই-সিগারেট ‘বিস্ফোরণে’ ব্যবহারকারী নিহত

চার্জরত অবস্থায় ই-সিগারেটের বিস্ফোরণে যুক্তরাজ্যের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 02:04 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শনিবার যুক্তরাজ্যের মার্সেসাইড ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছে বিবিসি।

নিহত ডেভিড থমসন (৬২) অক্সিজেন উপকরণ ব্যবহার করতো বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর ওই উপকরণগুলোতে আগুন ধরে যায়।

মার্সেসাইড ফায়ার এন্ড রেসক্যু সার্ভিস (এমএফআরএস) জানিয়েছে, তার বাড়িতে একটি ছোট অগ্নিকাণ্ডের পর দমকল কর্মীরা গিয়ে তাকে বাড়ির লিভিং রুমের ভিতর মৃত অবস্থায় পায়।

দমকল কর্মীরা যাওয়ার আগেই আগুন নিভে গিয়েছিল বলে জানিয়েছে এমএফআরএস।

থমসনের মৃত্যুর প্রকৃত কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত নির্ধারণ করা যায়নি, এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।

এমএফআরএস’র এক মুখপাত্র বলেছেন, “আগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বেডরুমে চার্জ দেয়া অবস্থায় বিস্ফোরিত একটি ই-সিগারেট পাওয়া যায়। এতে ব্যবহারকারীর ব্যবহার করা একটি অক্সিজেন কনসেনট্রেটরের অক্সিজেন টিউবে আগুন ধরে যায়।”

যে চার্জারটি দিয়ে ই-সিগারেটটি চার্জ করা হচ্ছিল তা সিগারেটটির সঙ্গে সরবরাহকৃত ছিল না বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন এক তদন্তকারী কর্মকর্তা।