২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন গোয়েন্দা বিমানকে রুশ জঙ্গিবিমানের তাড়া

জুলাই মাসে বাল্টিক সাগরের আকাশে রুশ জঙ্গিবিমানের তাড়া খেয়ে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমান সুইডেনের আকাশ সীমায় ঢুকে পড়ে।

রয়টার্স

>>, রয়টার্স

Published : 04 Aug 2014, 03:44 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

রোববার যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

১৮ জুলাই এই ঘটনাটি ঘটে। বাল্টিক সাগরের আকাশে ওড়ার সময় যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর আরসি-১৩৫ ইলেকট্রনিক গোয়েন্দা বিমানটির দিকে তেড়ে আসে রুশ জঙ্গিবিমান।

নিজেদের গোয়েন্দা বিমানটি ওই সময় আন্তর্জাতিক আকাশ সীমায় ছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ঘটনার বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড বলেছে, “বিমানের কমান্ডার পেশাদারী ও নিরাপদ মনোভাব প্রদর্শন করে রুশ বিমানের সম্ভাব্য হামলা এড়িয়ে বিমানটিকে অন্যদিকে নিয়ে গেছেন।”

বিগত শতকে দুই পরাশক্তির ঠাণ্ডা লড়াই শেষ হওয়ার পর হালের ইউক্রেইন সঙ্কট নিয়ে রুশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

ইউক্রেইনের সঙ্কটে রাশিয়া দেশটির রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

সম্প্রতি ইউক্রেইনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার আকাশে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মালয়েশীয় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ২৯৮ জন যাত্রী নিহত হলে পরিস্থিতি আরো নাজুক হয়ে ওঠে।

এতে ওই এলাকায় যুক্তরাষ্ট্র তার গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে, এর অংশ হিসেবে আরসি-১৩৫ গোয়েন্দা বিমানের তৎপরতাও বাড়ানো হয়।

সুইডিশ গণমাধ্যমের বরাত দিয়ে টাইম জানিয়েছে, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝে রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে রুশ জঙ্গিবিমানগুলো আরসি-১৩৫’র দিকে ধেয়ে আসে।

কালিনিনগ্রাদে রাশিয়ার বাল্টিক রণবহরের ঘাঁটি ছাড়াও ব্যাপক সামরিক উপস্থিতি আছে।

রুশ বিমান ধেয়ে আসতে দেখে আরসি-১৩৫’র পাইলট হামলা এড়ানোর জন্য বিমান নিয়ে সোজা সুইডেনের গোটল্যান্ড দ্বীপের আকাশ সীমায় ঢুকে পড়েন।

সুইডেন নেটোর সদস্য দেশ না। তাই এই অনুপ্রবেশের ঘটনাকে “ভুল করে সুইডেনের আকাশে ঢুকে পড়েছ” বলে বিবৃতিতে দাবি করেছে ইউরোপীয় কমান্ড।

সুইডেনের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল থেকে বিমানটিকে আকাশসীমা লঙ্ঘণের বিষয়টি জানানোর পর মার্কিন বিমানটি সুইডেনের আকাশ ছেড়ে যায় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।