বাগদাদে ঈদের দিনে ১৫টি লাশ
ঈদের দিনেও ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন সড়ক থেকে ১৫টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিনে সাম্প্রদায়িক সহিংসতা প্রবণ দেশটিতে এ ঘটনা অস্থিরতা বাড়ারই ইঙ্গিত বলে মন্তব্য করা হয়েছে গণমাধ্যমগুলোর খবরে।
সোমবার ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে। ধর্মীয় আনন্দের দিনটিতে সহিংসতা বন্ধ থাকবে বলেই আশা করা হচ্ছিল।
ইরাকের সরকার ব্যবস্থায় শিয়া, সুন্নি ও কুর্দিদের অংশগ্রহণ নিয়ে দেশটির রাজনৈতিক অবস্থা ভঙ্গুর প্রায়। ইতোমধ্যেই সুন্নি বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলের বড় অংশের দখল নিয়েছে।
২০০৬ ও ২০০৭ সাল থেকে ইরাকের সাম্প্রদায়িক বিভক্তি রক্তক্ষয়ী হামলায় রূপ নেয়। গত এপ্রিলে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তা সংস্থা জানায়, সোমবার বাগদাদের বিভিন্ন স্থান থেকে মাথায় গুলিবিদ্ধ ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৫ থেকে ৩০ বছর বয়সী দুই নারীও রয়েছেন।
