গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে শাহবাগে সমাবেশ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে শাহবাগে সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ।
‘গ্লোবাল সলিডারিটি উইথ গাজা’ ব্যানারে শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে এই সংহতি সমাবেশ হয়।
লেখক, গায়ক, রাজনীতিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ ওই সমাবেশে যোগ দেন।
সমাবেশের পর ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি মিছিল বের করা হয়।
গাজায় হামলা বন্ধের দাবি জানিয়ে সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “এই
হামলার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে ধর্ম ভিত্তিক কোনো রাষ্ট্র মানবিক রাষ্ট্র হতে পারে না।
ইমরান বলেন, “আজ ফিলিস্তিনে যে মানবিক বিপর্যয় তাতে সারা বিশ্বের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, যার মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান রয়েছে।এখানে ধর্মীয় পরিচয় বাধা হয়ে দাঁড়ায়নি।”
গাজায় বেসামরিক মানুষ হতাহতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হামাসের নাম করে ইসরায়েল যে হামালা চালাচ্ছে তা মূলত ইয়াসির আরাফাতের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনের সূচনা হয়েছিল, তা নস্যাৎ করার জন্যই। কারণ হামাস তাদেরই তৈরি। আর সবচেয়ে বড় কথা হামলায় হামাসের কেউ নয়, মরছে ফিলিস্তিনের সাধারণ মানুষ।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
