এমএইচ১৭: তদন্ত করুক ইউক্রেইন, চায় মালয়েশিয়া
মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী লিও তিওং লাই বলেছেন, মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইট বিধ্বস্তের ঘটনাটি তদন্ত করে দেখা উচিত ইউক্রেইনের।
কোন পরিস্থিতিতে বিমানটি বিধ্বস্ত হল তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এ তদন্তে মালয়েশিয়া যথাসম্ভব পূর্ণ সহযোগিতা করবে বলে শুক্রবার আশ্বাস দেন লিও।
যারা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের পরিবারের দায়িত্বও মালয়েশিয়া এয়ারলাইন্স নেবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। লিও বলেন, কোম্পানিটি এরই মধ্যে শোকার্ত পরিবারগুলোর সহায়তায় আমস্টার্ডামে ৪০ জন স্টাফ পাঠানোর ব্যবস্থা করেছে।
ওদিকে, কিয়েভেও মোট ৬২ জনকে পাঠানো হচ্ছে জানিয়ে লিও বলেন, এর মধ্যে রয়েছে ৩০ এসএমএআরটি সদস্য, ১৫ চিকিৎসা কর্মী, রয়াল মালয়েশিয়া এয়ার ফোর্সের ১০ প্রতিনিধি, মালয়েশিয়া এয়ারলাইন্সের ৫ কর্মী এবং বিমান পরিবহন বিভাগের ২ কর্মী।
বিমানটিতে নিহতদের জাতীয়তা সম্পর্কে লিও’র দেয়া সর্বশেষ তথ্যমতে, নেদারল্যান্ডসের নাগরিক ১৭৩ জন, ৪৪ জন মালয়েশিয়ার, অস্ট্রেলিয়ার ২৭, ইন্দোনেশিয়ার ১২, ব্রিটিশ নাগরিক ৯ জন, ৪ জার্মান, বেলজিয়ামের ৪ নাগরিক, ফিলিপাইনের তিনজন, একজন কানাডার এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক। তবে বেলজিয়াম তাদের ৫ নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে।
বিমানটির উড্ডয়ন পথ সম্পর্কে লিও জানান, বিমানের রুট ঠিক করেছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন এবং যেসব দেশের আকাশসীমা দিয়ে এটি অতিক্রম করবে সেই দেশগুলো।
আন্তর্জাতিক বিমান পরিবহন অ্যাসোসিয়েশন এও জানিয়েছিল, বিমানটি যে আকাশসীমা দিয়ে যাচ্ছে সেটি সংরক্ষিত এলাকা নয়।
ইউক্রেইনের ওপর দিয়ে চলে যাওয়া এই রুটে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের আওতায় ১৬ টি এয়ারলাইন্সের ১৫ টি’রই বিমান চলাচল করে। একই রুটে এ আকাশসীমায় চলাচল করে ইউরোপীয় এয়ারলাইন্সের বিমানও।
এমএইচ১৭ বিধ্বস্ত হওয়ার আগে এ পথ দিয়ে চলে গেছে আরো অনেক বিমান। এমএইচ১৭ বিমানটিকে শেষ মুহূর্তেও রুট পরিবর্তন করার কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে জানান লিও।
তিনি আরো বলেন, বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেইন আভাস দিয়েছে। বিষয়টি নিশ্চিত হলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
