গাজায় স্থল অভিযান বাড়াচ্ছে ইসরায়েল
ইসরায়েল গাজায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে স্থল অভিযান আরো বাড়াতে প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একথা বলেছেন।
শুক্রবার তিনি বলেন, সেনাবাহিনী হামাসের সুড়ঙ্গগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কিন্তু “একাজ কেবল বিমান হামলা চালিয়ে করা সম্ভব নয়”।
তিনি আরো বলেন, “আমি আরো ব্যাপক পরিসরে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছি এবং সেনাবাহিনী সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে”।বিবিসি এ খবর জানিয়েছে।
গাজার বিভিন্ন অংশে বৃহস্পতিবার রাতে ঢুকে পড়ে হাজার হাজার ইসরায়েলি সেনা। তারা ট্যাংক ও গোলাবারুদ নিয়ে গাজায় ঢোকে।
এ আগ্রাসনের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছে হামাস।
হামাস ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলার পর গাজায় সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসরায়েল।স্থল অভিযানে এরই মধ্যে গাজায় ২৩ ফিলিস্তিনি এবং ১ ইসরায়েলি সেনাসহ মোট ২৪ জন নিহত হয়েছে।
শুক্রবার ইসরায়েলের মন্ত্রিসভার এক বিশেষ অধিবেশনে নেতানিয়াহু বলেন, “গত রাতে আমাদের বাহিনী গাজা থেকে ইসরায়েলের ভূখন্ডে চলে যাওয়া সন্ত্রাসীদের সুড়ঙ্গগুলোতে স্থল অভিযান চালাতে শুরু করেছে। শুধু বিমান হামলা চালিয়ে এগুলো ধ্বংস করা সম্ভব নয়”।
এর প্ররিপ্রেক্ষিতেই সেনারা অভিযান আরো বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
ইসরায়েল মিশরের প্রস্তাব মেনে স্বল্প সময়ের একটি যুদ্ধবিরতির পর বৃহস্পতিবার জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের অনুরোধে ৫ ঘন্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল। কিন্তু দুই সময়েই ফিলিস্তিনের হামাস গোলা হামলা চালিয়ে গেছে বলে অভিযোগ করেন নেতানিয়হু।
হামলা চালানোর জন্য হামাস সুড়ঙ্গপথ ব্যবহার করছে। এগুলোর কয়েকটি ধ্বংস করেছে ইসরায়েলের সেনাবাহিনী। শুক্রবার সকালের স্থল হামলায় ইসরায়েলের সেনারা সুড়ঙ্গপথে ইসরায়েলে ঢুকে পড়া ১৩ ফিলিস্তিনিকে আটক করেছে।
