ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৮
দ্বীপরাষ্ট্র ফিলিপাইনজুড়ে প্রবল ঘূর্ণিঝড় রামাসানের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ হয়েছেন অন্ততপক্ষে ৮ জন।
এরআগে নিহতের সংখ্যা ১০ বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।
ফিলিপাইনে আঘাত হানার পর রামাসান চীনের দিকে চলে গেছে।
রামাসানের আঘাতে অন্ততপক্ষে ৭ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১৯ হাজার গৃহ।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার নির্বাহী পরিচালক আলেক্সান্ডার পামা জানিয়েছেন, ৫ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছিল।
ঝড়ের আঘাতে বাইকল এলাকার ধান ও ভূট্টা ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে, যার আনুমানিক আর্থিকমূল্য ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজধানী ম্যানিলার অর্থ বাজার, বিভিন্ন দপ্তর ও স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে।
বুধবার ঘূর্ণিঝড়টির কেন্দ্র ম্যানিলার দক্ষিণ দিক দিয়ে পার হয়ে গেছে। এতে দেশটির বৃহত্তম দ্বীপ লুজোনের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত উপড়ে পড়া গাছ ও বিদ্যুৎ খুঁটির একটি ধারা রেখে গেছে।
এতে ব্যাপক বিদ্যুৎহীনতার পাশাপাশি তড়িতাহতের ঘটনা ঘটেছে।
লুজোনের প্রধান সড়কগুলো ঝড়ের তাণ্ডবে উড়ে আসা বস্তুতে, উপড়ে পড়া গাছ ও বিদ্যুৎ খুঁটিতে অবরুদ্ধ হয়ে আছে।
ঝড়ে ম্যানিলায় গাছ শেকড়সুদ্ধ উপড়ে পড়েছে, রাস্তার পাশের পাম গাছগুলো ভয়ানকভাবে বাঁকা হয়ে গেছে এবং বিজ্ঞাপনের হোর্ডিংগুলো রাস্তায় আছড়ে পড়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে ভেঙেপড়া গাছ-পালাসহ অন্যান্য ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত এখন দেশটির কর্তৃপক্ষ।
ফিলিপাইনের অনেক অংশ এখনও বিশ্বের অন্যতম প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাত কাটিয়ে উঠতে পারেনি। ২০১৩ সালের নভেম্বরে দেশটির কেন্দ্রীয় প্রদেশগুলোতে আঘাত হানা ওই ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৬১০০ জন মানুষ নিহত হয়েছিলেন।
