২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন কিশোর হত্যার স্বীকারোক্তি তিন ইসরায়েলির

ফিলিস্তিনি কিশোর মোহাম্মেদ আবু খুদাইরকে পিটিয়ে এবং পুড়িয়ে মারার কথা স্বীকার করেছে ইসরায়েলের তিন ইহুদি।কর্মকর্তারা একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Jul 2014, 12:18 AM

Updated : 22 Aug 2022, 08:38 PM

স্কুলপড়ুয়া ওই কিশোরকে এ মাসের শুরুর দিকে পূর্ব জেরুজালেমের সুফাত শহর থেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামারা। পরে পশ্চিম জেরুজালেমে তার দগ্ধ লাশ পাওয়া যায়।

ঘটনাটি নিয়ে ফিলিস্তিনিদের বিক্ষোভের মুখে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় ৬ ইসরায়েলিকে। এদেরই তিনজন ফিলিস্তিনি কিশোর খুদাইরকে হত্যার কথা স্বীকার করে।

জেরার মুখে এ ইসরায়েলিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরে গত মাসে তিন ইহুদি অপহরণ ও হত্যার ঘটনার প্রতিশোধ নিতেই তারা ফিলিস্তিনি ওই কিশোরকে হত্যা করে।

ইসরায়েলের আদালত ওই তিন ইহুদির নাম জানায়নি। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগও আনা হয়নি। তবে এদের দুইজন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বলেছে, সন্দেহভাজন তিন ইসরায়েলি জেরুজালেমের আশেপাশের এলাকায় টহল দেয়ার সময় দৈবক্রমে খুদাইরকে পেয়ে তাকে নিয়ে গিয়ে হত্যা করে।

তিন ইসরায়েলি কিশোর অপহৃত ও পরে নিহত হওয়ার ঘটনায় হামাসকে দায়ী করে ইসরায়েল গাজায় অভিযান শুরুর পর খুদাইরকে পুড়িয়ে মারার ঘটনায় পরিস্থিতি আরো উত্তেজনাকর হয়ে ওঠে।

এক পর্যায়ে গাজা অঞ্চল থেকে রকেট হামলা চালানো হচ্ছে অভিযোগ তুলে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।