‘কৃষক হয়ো না’
‘কৃষক হয়ো না’ এটাই ছিল নিজের শিশুপুত্রকে বলা একজন কৃষকের শেষ কথা। এর কিছুক্ষণ পরই সেই কৃষক আত্মহত্যা করেন।
এনডিটিভি বলছে, মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার এক গ্রামে।
তিন সপ্তা আগে মেদাক জেলার রায়াভারম গ্রামে সাতবছর বয়সী ভামসিকে দেখতে তার স্কুলে যান তার কৃষক পিতা। তিনি পুত্র ভামসিকে নিয়ে একটি চায়ের দোকানে যান। সেখানে তাকে একটি পাউরুটি আর চা কিনে দেয়ার পাশাপাশি পাঁচরূপিও দেন। তাকে ভালভাবে পড়াশোনা করতে বলেন। সবশেষে সন্তান ভামসিকে, কখনোই যেন কৃষক না হয় সেকথা জোর দিয়ে বলেন।
তারপর ছেলেকে স্কুলগেটের কাছে পৌঁছে দেয়ার সময় তার স্কুলশিক্ষক কৃষ্ণ’র সঙ্গে দেখা হয়।
স্মৃতিচারণ করে কৃষ্ণ বলেন, “তিনি আমার প্রতি শুভকামনা জানিয়ে ভামসির পড়াশোনা যেন ভালভাবে হয় সে বিষয়টি নিশ্চিত করতে বলেন। এরপর তিনি তার ছেলের কাছে বিদায় নিয়ে চলে যান। সর্বোচ্চ আধ ঘণ্টা পর আমরা খবর পাই, ভামসির পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।”
রায়ভারম গ্রামের পাশের গ্রাম তিম্মাকাপালির বিধবা ভুলক্ষ্মী বলেন, তার বড় ছেলে শ্রীরামুলু হায়দ্রাবাদে চলে যাওয়ায় তিনি খুশি। যদিও মাসের পর মাস তিনি এখন ছেলেকে দেখতে পান না। তার কৃষক স্বামী ২০১৩ সালের ডিসেম্বরে বিষপানে আত্মহত্যা করেছেন।
ভুলক্ষ্মীর ছোট ছেলে রবি জানিয়েছেন, সেও বাইরে চলে যেতে চায়। কিন্তু পরিবারের বড় ধরনের ঋণ থাকায় তা শোধ না করে সে যেতে পারছে না। তিনি বলেন, “আমরা যাই উৎপাদন করি তার জন্যে লোকসান গুণে ভোগান্তির শিকার হই। ঋণ শুধু বাড়েই, কখনো কমে না।”
তার এই কথা শুধু তার একার কথা নয়। এই অঞ্চলের অনেক কৃষকেরই একই অবস্থা।
স্কুলশিক্ষক পুলিরাজুও বলেছেন, কোন বাবা-মা’ই তার সন্তান কৃষক হোক তা চান না। তিনি বলেন, একজন শ্রমিকও বেশি আয় করেন। সেখানে কৃষক সবদিক বিবেচনাতেই শুধু ঋণগ্রস্ত হন। যদি এই পরিস্থিতির পরিবর্তন না হয় তবে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত খাদ্য সংকটের মুখোমুখি হবে।
সর্বসাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে ভারতের প্রায় ৯০ লাখ কৃষক কৃষিকাজ ছেড়ে দিয়েছেন।
