২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে চারটি মৃতদেহ, সেনা মোতায়েন

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রত্যন্ত এলাকার একটি নদী থেকে চারটি মৃতদেহ উদ্ধারের পর সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কায় এলাকাটিতে সেনা মোতায়েন করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Jul 2014, 03:11 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রাজ্যটির বাকসা জেলার বেকি নদী থেকে শনিবার একটি মৃতদেহ ও রোববার তিনটি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার নিহতদের অপহরণ করেছিল ন্যাশনাল ডেমক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের জঙ্গিরা। শনিবার উদ্ধার করা মৃতদেহটি একজন লেবু ব্যবসায়ীর বলে জানিয়েছেন বাকসার পুলিশ প্রধান এল আর বিষ্ণু।

ওই দিন পাইকারী বাজারে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

নিহত অপর তিনজনের পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও কোনো গুলির চিহ্ন নেই বলে জানিয়েছেন বিষ্ণু।

অপহৃত চারজনের নাম দেখে তাদের মুসলিম বলে মনে করা হচ্ছে।

অপহরণ ও হত্যার ঘটনাটি বোড়ো জঙ্গিরাই ঘটিয়েছেন বলে মনে করছেন পুলিশ কর্মকর্তা বিষ্ণু।

ঘটনার পর বাকসায় অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করে সেনা মোতায়েন করা হয়েছে।

আসামের বোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল প্রশাসন চালিত কয়েকটি জেলার মধ্যে বাকসা অন্যতম। চলতি বছরের মে’তে সন্দেহভাজন জঙ্গিদের নির্বিচার গুলিবর্ষণে এখানে ৫০ জন নিহত হয়েছিলেন।

এদিকে রোববার তিনজনের মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় উত্তেজিত প্রতিবাদকারীরা এক পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করলে সেনারা ফাঁকা গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে।