২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরাজকতার দিকে এগুচ্ছে ইরাক: জাতিসংঘ

বাগদাদের উত্তরপূর্বে একটি সামরিক ঘাঁটির দখল নিয়ে সরকারি বাহিনী ও সুন্নি বিদ্রোহীদের লড়াইয়ের মধ্যে আইনপ্রণেতারা মতবিরোধ দূরে ঠেলে অবিলম্বে একটি সরকার গঠন করতে না পারলে ইরাক অরাজক পরিস্থিতিতে পড়বে বলে সতর্ক করেছেন এক জাতিসংঘ দূত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 06:18 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

ইরাক বিষয়ক বিশেষ জাতিসংঘ দূত নিকোলে ম্লাদেনভ বলেন, রোববার অনুষ্ঠেয় পার্লামেন্ট অধিবেশনে আইনপ্রণেতারা একটি সরকার গঠন করতে না পারলে ইরাক বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়বে।

ইরাকে নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন সুন্নি ও কুর্দি এমপি’দের বয়কটের মুখে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। ফেলে এবার বেশির ভাগ আইনপ্রণেতার উপস্থিতি কামনা করে তাদেরকে অধিবেশনে অংশ নেয়ার আহ্বান জানান নিকোলে।

বাগদাদে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে প্রধানমন্ত্রী নূরি আল মালিকিই ইরাকে তত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ওদিকে, লড়াইও ক্রমেই তীব্রতর হচ্ছে।

মালিকির অনুগত সেনারা বাগদাদের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাদিয়ায় একটি সামরিক ঘাঁটির দখল নিয়ে সুন্নি বিদ্রোহীদের সঙ্গে লড়ছে। শনিবার দুপক্ষের মধ্যে লড়াই আরো তীব্র হয় এবং এখনো তা চলছে।

সুন্নি বিদ্রোহী তৎপরতার মুখে সঙ্কট সামাল দিতে ইরাকের আইনপ্রণেতারা দ্রুতই একটি নতুন সরকার গঠনের জন্য যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইরাকি শিয়া ধর্মগুরুদের চাপের মুখে আছেন।