গাজায় ইসরায়েলি কমোন্ডো অভিযান, সংঘর্ষ
ফিলিস্তিনের গাজায় এবার কমান্ডো অভিযান শুরু করেছে ইসরায়েল। হামাস যোদ্ধাদের সঙ্গে রোববার সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েলের নৌ কমান্ডোরা।
গাজায় ইসরায়েলের ছয়দিনব্যাপী বিমান হামলার মধ্যে এটিই সেখানে প্রথম স্থল হামলা বলে মনে করা হচ্ছে।
জঙ্গি বিমানের সহায়তায় ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে দূর পাল্লার রকেট উৎক্ষেপণস্থলে হামলা করে।
হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৪ কমান্ডোও আহত হয় বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার।
হামাসও সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেছে, তারা গুলি চালিয়ে ইসরায়েলি নৌ কমান্ডোদেরকে প্রতিহত করেছে। তবে ইসরায়েল তাদের অভিযান সম্পন্ন করেছে বলে দাবি করেছেন সামরিক মুখপাত্র লার্নার।
অভিযানের ঘোষণা দেয়ার দুঘণ্টা পরই হামাসে যোদ্ধারা তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দর এবং কয়েক নগরীর শহরতলী লক্ষ্য করে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে হামাসের রকেট হামলায় কোনো ইসরায়েলি নিহত হয়নি।
ইসারায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান চালানোর জন্য এরই মধ্যে ২০ হাজার রিজার্ভ সেনা সমাবেশ ঘটিয়েছে তারা। তবে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের বিমান হামলাই হয়েছে বেশি। গাজার ১২০০ টি লক্ষ্যবস্তুতে এ সমস্ত হামলা চালানো হয়।
গত মঙ্গলবার থেকে ইসরায়েলের চালানো বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।
শনিবার রাতভর ইসরায়েল গাজার বিভিন্ন নিরাপত্তা সদরদপ্তর এবং পুলিশ স্টেশনগুলোতে হামলা চালিয়েছে। ৮ জুলাইয়ে অভিযান শুরুর পর থেকে এদিনই সবচেয়ে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েল।
