২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শ্রীলংকায় ইসলামি চরমপন্থার আশঙ্কা’

কট্টরপন্থী বৌদ্ধদের সহিংস হামলার মুখে থাকা শ্রীলংকার সংখ্যালঘু মুসলিমরা কট্টরপন্থী হয়ে উঠতে পারে। আর সেইক্ষেত্রে তারা সহায়তা পাওয়ার জন্য বিদেশি ইসলামপন্থী গোষ্ঠীগুলোরও দারস্থ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির আইনমন্ত্রী রউফ হাকিম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jul 2014, 03:41 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার বিদেশি সাংবাদিকদের কাছে শ্রীলংকার প্রধান মুসলিম দলীয় এ নেতা এই আশঙ্কা প্রকাশ করেছেন।

মিয়ানমারে বৌদ্ধ-মুসলিম সহিংসতার জেরে দুই বছর ধরে বৌদ্ধ প্রধান শ্রীলংকায়ও মুসলিমদের ওপর সহিংসতা বাড়ছে।

শ্রীলংকার মোট ২ কোটি মানুষের মধ্যে ১০ শতাংশ মুসলমান ও ৭০ শতাংশ বৌদ্ধ।

হাকিম বলেন, “হঠাৎ করে একটি সম্প্রদায়কে দেয়ালের ওপাশে ঠেলে দেয়ার চেষ্টা বাইরের শক্তির জন্য উর্বর ক্ষেত্র হয়ে উঠতে পারে।”

“বাইরের শক্তি” বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন তা বিস্তারিতভাবে না বললেও তিনি যোগ করেন, “এটি একটি সত্যিকারের টাইম বোমা। ঘটনা সেদিকেই এগিয়ে যাচ্ছে।”

“এ বিষয়টি নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন। আমরা অত দূরে যেতে চাইনা। আমাদের দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে,” বলেন তিনি।

জুন মাসে শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় পর্যটন শহর আলুথগামা ও বেরুভেলায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সহিংসতায় অন্ততপক্ষে তিনজন নিহত ও ৭৫ জন আহত হন। এ সময় মুসলিমদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।

এসব ঘটনায় কঠোর কোনো পদক্ষেপ না নেয়ায় আন্তর্জাতিকভাবে সমালোচিত হন শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। হাকিমের কথায়ও একই ধরনের সমালোচনা প্রতিধ্বনিত হয়।

তিনি বলেন, “সরকারের তথাকথিত ‘বাধ্যতামূলক নিষ্ক্রিয়তা’ এমন কিছু যা আমরা গ্রহণ করবো না। দরকার মতো তাদের আইন প্রয়োগ করতে হবে।”

“পশ্চিমে তৈরি হওয়া ইসলামভীতি এখানে অনুকরণ করে স্থানীয় পরিস্থিতির উপযোগী করে সংস্কার করা হয়েছে,” বলেন তিনি।