মারা গেছেন হ্যারি পটার সিনেমার অভিনেতা
হ্যারি পটার সিরিজ সিনেমার ব্রিটিশ অভিনেতা ডেভ লিজেনো মারা গেছেন। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির এক প্রত্যন্ত এলাকায় তার মৃতদেহ পাওয়া গেছে।
রোববার দুজন পর্বতারোহী ৫০ বছর বয়সী লিজেনো’র মৃতদেহ খুঁজে পান বলে শুক্রবার রাতে জানিয়েছে বিবিসি। এরপর তার মৃতদেহ উদ্ধার করে হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয়।
তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। অতিরিক্ত গরমে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পরীক্ষায় অনুমান করা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার ইনইয়ো কাউন্ট্রি শেরিফ দপ্তর বলেছে, “তাপজনিত কারণে লিজেনোর মৃত্যু হয়েছে বলে বোঝা যাচ্ছে, তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর মূল কারণ নিশ্চিত করা যাবে।”
ডেডলি হ্যালোসের দুটিসহ হ্যারি পটার সিরিজের মোট তিনটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
এছাড়া স্নো হোয়াইট, দ্য হান্টসম্যান ও ব্যাটম্যান বিগিনস্ সিনেমায়ও অভিনয় করেছিলেন তিনি।
