ইরাক সরকার থেকে বেরিয়ে গেছে কুর্দিরা
ইরাকের জাতীয় সরকারে কুর্দি রাজনৈতিক ব্লক আর অংশ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি।
শুক্রবার তিনি বলেন, কুর্দিরা তাদের রাজধানীতে ইসলামপন্থি বিদ্রোহীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে প্রধানমন্ত্রী নূরি আল মালিকি যে অভিযোগ করেছেন তার প্রতিবাদেই এ পদক্ষেপ নিয়েছে কুর্দি ব্লক।
কুর্দি পররাষ্ট্রমন্ত্রী জেবারি আরো বলেন, “আমরা সরকারি কার্যক্রম স্থগিত করেছি”।
কুর্দিরা বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক বাতিল করার কথা জানায়। পরে জেবারি রয়টার্সকে জানিয়েছেন, এখন কুর্দি মন্ত্রীরাও পররাষ্ট্র, বাণিজ্য, অভিবাসন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং উপ-প্রধানমন্ত্রীর নিত্যদিনের কাজকর্ম বন্ধ করে দিচ্ছে।
তবে তিনি বলেন, ৩০ এপ্রিলে নির্বাচিত পার্লামেন্টে কুর্দিরা হাজিরা দেবে। নতুন এ পার্লামেন্ট অধিবেশনে ইরাকে সুন্নি বিদ্রোহের মুখে নতুন সরকার গড়ার চেষ্টা চলছে।
ইরাকের প্রধানমন্ত্রী মালিকি এর আগে বুধবার কুর্দিদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি বিদ্রোহী দল ইসলামিক স্টেট (আইএসআইএল) কে অরবিল এ ঘাঁটি গাড়তে দিয়েছে।
জেবারি বলেন, দ্রুতই সবার অংশগ্রহণ ভিত্তিক একটি নতুন সরকার গঠন না হলে ইরাক ভেঙে পড়বে। কারণ, দেশ প্রকৃতপক্ষে এরই মধ্যে কুর্দি, কালো রাষ্ট্র (আইএসআইএল) এবং বাগদাদ- এই তিন ভাগে বিভক্ত।
তিনি রাজনৈতিক ব্লকগুলোকে খুব শিগগিরই একটি সরকার গঠনের আহ্বান জানিয়ে বলেন, “সব নেতাদের একসঙ্গে বসে নতুন একটি ইরাক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। যাতে করে সংবিধানের নীতিমালার ভিত্তিতে একটি ফেডারেল ইরাক গড়ে ওঠে।
নেতারা এ চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে না এলে পরিণতি খুব ভয়াবহ হবে এবং ইরাক পুরোপুরি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে বলে সতর্ক করেন জেবারি।
