পরমাণু আলোচনায় ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সঙ্গে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় মধ্যস্থতাকারী বিশ্বের প্রভাবশালী ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনার অচলাবস্থা কাটাতে সহায়তা করতে ভিয়েনা যাবেন।
রোববার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় যোগ দেবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন পশ্চিমা এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা জানিয়েছেন, “আমি আপনাকে বলতে পারি এই সপ্তাহান্তে কেরি ভিয়েনা আসছেন, সম্ভবত শনিবার।”
তিনি জানিয়েছেন, প্রভাবশালী অন্য পাঁচটি দেশের মন্ত্রীদের সঙ্গে রোববার দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন কেরি। অন্য একজন কূটনীতিকও কেরির সফর পরিকল্পনা নিশ্চিত করেছেন।
এক ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরা ফ্যাবিয়াস রোববার ভিয়েনা যাবেন।
বিশ্বের প্রভাবশালী ছয় রাষ্ট্র- যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দেশটির সঙ্গে ২০ জুলাইয়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাচ্ছে। এই চুক্তির মাধ্যমে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দশকব্যাপী বিরাজমান উত্তেজনা শেষ হওয়ার কথা রয়েছে।
বিভিন্ন কূটনৈতিক এবং বিশ্লেষকেদের ধারণা, দুপক্ষের মধ্যস্থতাকারীদের মধ্যে বিরাজমান ব্যাপক দূরত্ব কমিয়ে এনে একটি সমঝোতায় পৌঁছতে নির্ধারিত ওই সময়সীমা যথেষ্ট নয়, আরো বেশি সময় প্রয়োজন হবে।
চুক্তিতে পৌঁছলে ইরান তার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেয়ার বিনিময়ে পরমাণু কর্মসূচি সীমিত করে আনবে বলে কথা রয়েছে।
গত সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই আলোচনা শুরু হলেও অগ্রগতি তেমন হয়নি।
