২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমলিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে হামলা

সোমলিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে দেশটির আল শাবাব জঙ্গিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Jul 2014, 10:21 AM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার সন্ধ্যায় একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা শুরুর পর বন্দুকধারীরা চড়াও হলেও হামলাটি প্রতিহত করে প্রাসাদ রক্ষায় নিয়োজিত নিরাপত্তা বাহিনী।

হামলার সময় প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ প্রাসাদে ছিলেন না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ গোদাহ বারি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলায় অংশ নেয়া ইসলামি জঙ্গিগোষ্ঠী আল শাবাবের পাঁচজন নিহত হয়েছেন।

হামলাকারীদের মধ্যে তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রয়টার্স। অপর এক কি দুজন গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, আল শাবাবের পক্ষ থেকে লড়াই অব্যাহত থাকার দাবি জানানো হয়েছে, তবে সোমালিয়ার সরকারি কর্মকর্তা হামলাকারী সব জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেছেন।

রমজান শুরু হওয়ার পর আল শাবাবের শুরু করা ধারাবাহিক নতুন অভিযানের অংশ হিসেবে হামলাটি চালানো হয়।

হামলার সময় রাজধানীর অন্য এক জায়গায় একটি ইফতার পার্টিতে ছিলেন প্রেসিডেন্ট শেখ মাহমুদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বারি বলেছেন, “আমি আপনাকে নিশ্চিত করতে পারি, প্রেসিডেন্ট কোনো আঘাত পাননি এবং ঘটনা হচ্ছে তিনি প্রাসাদে ছিলেনই না।”

তিনি জানিয়েছেন, বন্দুকধারীরা প্রেসিডেন্ট ভবনের কাছে পৌঁছতে পারেনি, প্রধানমন্ত্রীর দপ্তরের কাছের কার পার্কেই তাদের প্রতিহত করা হয়েছে।

সোমালি প্রেসিডেন্ট প্রাসাদের কম্পাউন্ডে প্রেসিডেন্টের বাসভবন ছাড়াও অন্যান্য সরকারি দপ্তর রয়েছে।

ফেব্রুয়ারিতেও একবার এই প্রসাদটিতে হামলার চেষ্টা করেছিল আল শাবাব। তারপর থেকে শক্তিশালী কয়েকটি গেট লাগানোসহ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমালি নিরাপত্তা বাহিনী ও আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা অল্প সময়ের মধ্যেই হামলাকারীদের পরাজিত করে।

সোমালি কর্মকর্তারা সব জঙ্গিকে হত্যার মধ্যদিয়ে হামলা শেষ করার কথা জানালেও হামলা অব্যাহত থাকার দাবি জানিয়েছে আল শাবাব।

আল শাবাবের সামরিক অভিযান শাখার মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেছেন, “লড়াই শেষ হয়ে থাকলে তারা রাষ্ট্রপতির বাসভবনে প্রবেশ করে আমাদের মোকাবিলা করুক।”

অভিযানে আল শাবাবের সদস্যরা ১৪ জন সরকারি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বারি এ ধরনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।

তবে হামলার বিস্তারিত পরিষ্কার হয়নি বলে জানিয়ে মঙ্গলবার রাতে বারি বলেছেন, সকালে সবকিছু পরিষ্কার হবে।