২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় নতুন করে ইসরায়েলি হামলা, নিহত ১১

গাজায় ইসলামি আন্দোলনের দল হামাসের বিরুদ্ধে নতুন করে আরো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jul 2014, 05:24 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবারের এ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ইসরায়েলে দফায় দফায় হামাসের রকেট হামলা থামাতেই চলছে এ অভিযান।

আগামী দিনগুলোতে ইসরায়েলের পক্ষ থেকে স্থল অভিযানের প্রস্তুতি চলার ঘোষণা আসার পর দুপক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে।

এর আগে ২০১২ সালেও গাজায় হামাসের সঙ্গে আট দিনব্যাপী যুদ্ধ জড়িয়েছিল ইসরায়েল।

ইসরায়েলি বাহিনী বলছে, গত সোমবার রাতভর তারা প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মঙ্গলবার ফের নতুন করে বিমান হামলা শুরু হয়েছে।

ফিলিস্তিনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বসতবাড়ি বিধ্বস্ত হয়ে ৬ জন এবং একটি ব্যক্তিগত গাড়ি বিধ্বস্ত হয়ে আরো ৪ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন হামাস কমান্ডার রয়েছে বলেও চিহ্নিত করা গেছে। তবে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলায় কেউ হতাহত হয়েছে বলে শোনা যায়নি।

ইসরায়েল বলেছে, তারা ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের জন্য ৪০ হাজার রিজার্ভ সেনা তলব করেছে।

গত মাসে তিন ইসরায়েলি কিশোর অপহরণ ও হত্যার ঘটনার পর এর জন্য হামাসকে দায়ী করে গাজায় অভিযান চালায় ইসরায়েল। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

অপহরণের জন্য ‘দায়ী’ হামাস যোদ্ধাদের ধরার ওই অভিযানে বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হয়। গত সপ্তাহে সন্দেহভাজন ইসরায়েলি চরমপন্থিদের হাতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হওয়ার পর উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছে। ফিলিস্তিন ভূখন্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস যোদ্ধারা। জবাবে ইসরায়েলও অবিরাম বিমান হামলা শুরু করে। গাজা থেকে এ পর্যন্ত ২০০ রকেট হামলা চালানো হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। এর জবাবে গাজায় মঙ্গলবার চালানো বিমান হামলায় দুই নারী ও এক শিশুসহ অন্তত ১৫ ফিলিস্তিনি আহত হয়েছে। খান ইউনিসে বোমা হামলায় একটি বাড়ি ধুলোয় মিশে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ধ্বংসাবশেষে চাপা পড়ে ৯ প্রতিবেশী আহত হওয়ার কথা জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাস এক বিবৃতিতে বাড়িঘরের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। ইসরায়েলের বোমা হামলা সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে তারা। এর জবাবে হামাস ইসরায়েলে আরো দূর পাল্লার রকেট ছোড়ার হুমকি দিয়েছে। ইহুদিদের আগ্রাসনের জবাবেই ইসরায়েলে রকেট হামলা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস। দলের ৫ যোদ্ধা নিহত হওয়ার ঘটনায় হামাস ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল দোষ অস্বীকার করেছে। গাজা থেকে রকেট হামলা থামাতে এখন অবিরাম বিমান অভিযান শুরু করা হয়েছে এবং আগামী দিনগুলোতে তা আরো বাড়ানোর হুমকিও দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর(আইডিএফ)এক মুখপাত্র বিবিসি’কে বলেছেন, অভিযানে জয়লাভের ক্ষমতা ইসরায়েলের আছে। তাছাড়া, বিকল্প ব্যবস্থা হিসাবে স্থল অভিযানও চালানো হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা কেবিনেট সোমবার গাজা উপত্যকায় বিমান হামলা জোরদার করার সিদ্ধান্ত নেয়। তবে ইসরায়েলের মন্ত্রণালয় এখনই সেখানে স্থল অভিযান শুরুর নির্দেশ দেয়নি বলে জানিয়েছে কয়েকটি রাজনৈতিক সূত্র। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লেমার বলেছেন, “ইসরায়েল গাজা অভিযানের অংশ হিসাবে স্থল হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রাখছে। প্রয়োজনবোধে সেনা পাঠানো হবে”।