উত্তর প্রদেশে শিক্ষিকা ধর্ষিত, তিন ছাত্র গ্রেপ্তার
ভারতের উত্তর প্রদেশে এবার কলেজে পড়ুয়া যুবকদের যোগসাজশে ধর্ষণের শিকার হয়েছেন এক শিক্ষিকা। যুবকরা ওই শিক্ষিকাকে অপহরণের পর ধর্ষণ করে এর ভিডিওচিত্র ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এনডিটিভির খবরে বলা হয়, গত মাসে একাধিক ধর্ষণ কাণ্ডের জন্য আলোচিত উত্তর প্রদেশের মুজাফফরনগরে বালওয়াখারি গ্রামে নতুন করে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলেও ভিডিও ধারণের অপরাধে তথ্যপ্রযুক্তি আইনে কোনো মামলা করা হয়নি।
২৩ বছর বয়সী ওই শিক্ষিকা পাঠদান শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন। অভিযুক্ত ছাত্রের দুই বন্ধু ঘটনাস্থলে উপস্থিত থেকে এর ভিডিও ধারণ করে।
আক্রান্ত ওই শিক্ষিকা জানান, “মুহিত আকস্মিক পেছন থেকে এসে আমার মুখ চেপে ধরে আমাকে টেনে একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। এরপর অপর দুই বন্ধুকে ফোন করে ডেকে নিয়ে আসে। ওই বন্ধু উপস্থিত থেকে ঘটনার ভিডিও চিত্র ধারণ করে।”
এ ঘটনা ফাঁস করা হলে ওই শিক্ষিকার ক্ষতি করা হবে বলেও হুমকি দেয় যুবকরা।
দুই সপ্তাহ আগেই মুজাফফরনগরে ২০ বছর বয়সী এক নারীকে আটজন মিলে ধর্ষণের ঘটনা প্রকাশ হয়। সেই ঘটনাও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়।
