‘মালিকি না সরলে ইরাক ভেঙে পড়বে’
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা নিলে দেশ ভেঙে পড়ার ঝুঁকির মুখে পড়বেন বলে সতর্ক করেছেন ইরাকের সাবেক প্র্রধানমন্ত্রী আয়াদ আলাওয়ি।
বিভিন্ন মহলের আপত্তির মুখেও মালিকি প্রধানমন্ত্রীত্ব না ছাড়লে দেশ বিভক্ত হয়ে পড়বে বলে আলাওয়ি মন্তব্য করেন।
কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নাকচ করেছেন মালিকি। তার শাসনের বিরোধিতা করে ইতোমধ্যেই সুন্নি বিদ্রোহী গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ উত্তরাঞ্চলের বড় এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
আল কায়েদা সংশ্লিষ্টরা অধিকৃত অঞ্চলে ‘ইসলামি খেলাফত’ নামে নতুন রাষ্ট্রের ঘোষণা দিয়েছে। খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বের সমর্থন চেয়েছেন বিদ্রোহী নেতা আবু বকর আল বাগদাদি।
সম্প্রতি আলাওয়ি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমি মনে করি মালিকির এখনি দৃশ্যপট থেকে সরে দাঁড়ানোর সময়।”
“তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকলে তা দেশে মারাত্মক সমস্যা সৃষ্টি করবে এবং শেষ পর্যন্ত ইরাক একদিন ভেঙে পড়বে। আর তখন নিশ্চিতভাবেই আরো সহিংসতা দেখা দেবে এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটবে”।
আলাওয়ি বলেন, ইরাকে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের চেয়েও বেশি জরুরি অগ্রাধিকার ভিত্তিতে সম্প্রীতি এবং প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়ক একটি রোডম্যাপ।
“ইরাককে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে একটি রোডম্যাপের ব্যাপারে একমত হওয়া জরুরি, কেবলমাত্র মুখ বদলালেই হবে না”, বলেন তিনি।
ইঙ্গো-মার্কিন আগ্রাসনে ইরাকের সাবে স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পতনের পর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী ইরাকের জনপ্রিয় রাজনীতিক আয়াদ আলাওয়ি। সা্দ্দাম পরবর্তী ইরাকে সাধারণ নির্বাচনের মাধ্যমে মালিকি ক্ষমতা গ্রহণের পর তার শাসনের অবসান ঘটে।
শিয়া হলেও উদার নীতির কারণে ইরাকের সুন্নি সমাজেও জনসমর্থন রয়েছে আলাওয়ির। গত এপ্রিলের নির্বাচনেও ২১টি আসনে জয়ী হয়েছে তার অনুসারীরা।
নির্বাচনের পর নতুন সরকার গঠনের সময় পার হলেও মতোবিরোধের কারণে ঐক্যমতে পৌঁছাতে পারেননি এমপি’রা। এরই মধ্যে স্বায়ত্তশাসিত কুর্দিরা নিজেদের স্বাধীনতার পক্ষে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে।
