গুপ্তচর গ্রেপ্তার : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব
যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচর বৃত্তি করছে সন্দেহে এক ব্যক্তিকে আটকের পর বার্লিনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মান কর্তৃপক্ষ।
“ঘটনাটি দ্রুত নিশ্চিত করতে সহায়তা করার জন্য” যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ডাকা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয়।
জার্মান কর্মকর্তারা ওই গ্রেপ্তারের খবর নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি বলে শনিবার জানিয়েছে বিবিসি।
জার্মানির গণমাধ্যমগুলো জানিয়েছে, চলতি সপ্তাহে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে দেশটির কেন্দ্রিয় গোয়েন্দা বিভাগ বা বিএনডি’র ৩১ বছর বয়সী একজন কর্মী।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের একজন মুখপাত্র স্টেফেন শুবার্ট জানিয়েছেন, ওই গ্রেপ্তারের বিষয়ে চ্যান্সেলরকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, “স্পষ্টতই বিষয়টি অত্যন্ত গুরুতর।”
জার্মানিতে বিদেশী গোয়েন্দা সংস্থার তৎপরতা তদন্ত বিষয়ক সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান ক্রিস্টিয়ান ফ্লিশেক বলেছেন, “এই ঘটনা বিশ্বাসের মাত্রা শূন্যের পর্যায়ে নামিয়ে আনবে এবং রাজনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে।”
দেশটির দের স্পেগেল সংবাদ সাময়িকী বলেছে, টাকার বিনিময়ে ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের কাছে গোপন নথি হস্তান্তর করতো বলে ধারণা করা হচ্ছে।
তবে তিনি স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের পক্ষে গোয়েন্দাগিরিতে নেমেছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক জার্মান রাজনীতিবিদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিশ্বব্যাপী গোপন নজরদারি পরিকল্পনার আওতায় জার্মান চ্যান্সেলর মের্কেলের ফোন ও ইমেইলে আঁড়ি পাতা হচ্ছে, গত বছর এমন তথ্য ফাঁস হওয়ার পর দেশদুটির উষ্ণ সম্পর্কে ঠাণ্ডা স্রোত তৈরি হয়।
এনএসএ’র সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে প্রথমবারের মতো বিশ্বব্যাপী ওই গোয়েন্দা নজরদারীর বিশাল ব্যপ্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
তারপর থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির বিষয়ে সতর্ক হয়ে ওঠে জার্মানি।
বিবিসি’র বার্লিন প্রতিনিধি জানিয়েছেন, মিত্র দেশের ওপর যুক্তরাষ্ট্রে গোয়েন্দাগিরির নতুন অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্র-জার্মানির সহযোগীতার সম্পর্ক ক্ষতিগ্রস্থ হবে। বিশেষ করে, ইউক্রেইনে রাশিয়ার তৎপরতার মার্কিন বিরোধিতা বিষয়ে জার্মানির সহযোগীতা পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়তে পারে।
এছাড়া ইরানের নিউক্লিয়ার উচ্চাশা নিয়ন্ত্রণ করার মার্কিন উদ্দেশ্ও বাধাগ্রস্থ হতে পারে বলে জানিয়েছেন তিনি।
