সাদ্দামের জন্মশহর দখলে নিয়েছে সেনাবাহিনী
সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে প্রয়াত শাসক সাদ্দাম হোসেনের জন্মশহর আওজার দখল নিয়েছে ইরাকের সেনাবাহিনী।
এর মধ্য দিয়ে দেশের বিশাল অংশ দখল করে নেয়া সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে কৌশলগত বিজয় পেল ইরাকি বাহিনী।
হেলিকপ্টার গানশিপ এবং শিয়া মুসলিম স্বেচ্ছাসবীদের সহায়তায় সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় ধরে লড়াই করার পর আওজা গ্রাম পুনর্দখল করে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম, পুলিশ এবং স্থানীয় অধিবাসীরা।
তিকরিত থেকে ৮ কিলোমিটার দূরের শহর আওজা। ‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) গত মাসে উত্তরাঞ্চলে হামলা শুরু করার পর থেকেই শহরটি সুন্নি বিদ্রোহীদের দখলে ছিল।
শিয়া প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সামরিক বাহিনীর মুখপাত্র কাশিম আত্তা বলেছেন, ‘আওজা পুরোপুরি জঙ্গিমুক্ত’।
লড়াইয়ে ৩০ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি। তবে এক পুলিশ সূত্র তিন বিদ্রোহী নিহত হওয়ার কথা জানিয়েছে।
আত্তা বলেন, নিরাপত্তা বাহিনী শহরের একটি প্রকল্পসহ কয়েকটি সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে কয়েকটি নিরাপত্তা সূত্র এবং এলাকার অধিবাসীরা বলছে, জঙ্গিরা এখনো ইরাকি বাহিনীকে তিকরিতে ঢুকতে বাধা দিয়ে রেখেছে।
ইরাকি বাহিনী তিকরিত পুনর্দখলের লড়াই শুরু করেছে ২৮ জুন থেকে। কিন্তু এখনো শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি সেনারা।
সেনাবাহিনী বলেছে, এ মুহূর্তে সামারা থেকে উত্তরে চলে যাওয়া আওজা অভিমুখী মহাসড়কের ৫০ কিলোমিটার তাদের দখলে এসেছে।
