ফোন হ্যাকিং কেলেঙ্কারিতে কুলসনের জেল
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক মিডিয়া মুখপাত্র এবং ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ট্যাবলয়েডের সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে ফোন হ্যাকিং কেলেঙ্কারির ঘটনায় ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
ফোনে আড়িপাতার অভিযোগে করা মামলায় গত সপ্তাহে লন্ডনের ওল্ড বেইলি আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন কুলসন। এরপরই কেলেঙ্কারি জর্জরিত কুলসনকে মিডিয়া মুখপাত্র হিসাবে নিয়োগ দেওয়ার জন্য পার্লামেন্টে দুঃখ প্রকাশ করেন ক্যামেরন।
এখন কুলসনের কারাদণ্ডের রায় হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে ক্যামেরন বলেন, এ রায় দেখিয়ে দিয়েছে যে ন্যায়বিচার করা উচিত এবং কেউই আইনের উর্ধ্বে নয়।
বিরোধী নেতা এড মিলিব্যান্ডে একজন অপরাধীকে ডাউনিং স্ট্রীটের কেন্দ্রস্থলে নিয়ে আসার জন্য ক্যামেরনের সমালোচনা করেছেন।
কুলসনের সর্বোচ্চ দণ্ড হতে পারত ২ বছরের জেল। কিন্তু বিচারক কুলসনের চরিত্রগত দিক ভাল বিবেচনা করে সাজা কম করেন। রায় পড়ে শোনানোর সময় কুলসন কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি।
‘ফোন হ্যাকিং’ কেলেঙ্কারি নিয়ে ব্রিটিশ পুলিশের তদন্ত এবং আট মাস ধরে মামলা চলার পর আদালতের এই রায় এল। কেলেঙ্কারির কেন্দ্রে থাকা মিডিয়া মুগল রূপার্ট মারডকের ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ এক পর্যায়ে বন্ধ হয়ে যায়।
ফোন হ্যাকিংয়ের তদন্ত ও বিচারকাজ ব্রিটিশ মিডিয়া এবং রাজনীতিতে তুমুল আলোড়ন তুলেছিল।
