বিদেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
সিরিয়া ও ইয়েমেনে তৎপর আল কায়েদা জঙ্গিদের বোমা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু থাকা বিদেশি বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আচিরেই যুক্তরাষ্ট্রগামী বিমানযাত্রীরা নিরাপত্তা বাহিনীর বিশেষ তল্লাশির আওতায় পড়বেন।
ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের যেসব বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু রয়েছে সেগুলোতে চালু হবে নতুন এ নিরাপত্তা ব্যবস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বুধবার দেশটির নিরাপত্তা বিভাগ জানায়, সিরিয়া ও ইয়েমেনের আল কায়েদা জঙ্গিদের বোমা তৈরির খবরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এ কারণে বিমানের কোনো ফ্লাইট বিঘ্নিত হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি বিমানবন্দরকে ঘিরে বাড়তি নিরাপত্তা উদ্যোগ নেয়া হয়েছে। ওইসব বিমান বন্দর থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বিমানগুলো যাত্রীদেরকে বিশেষ তল্লাশির মুখে পড়তে হবে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, আগামী কয়েকদিনের মধ্যেই নতুন এ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, নতুন তল্লাশির আওতায় যাত্রীদের জুতা ও ব্যাগ যাচাই করে দেখা হবে।
ঠিক কী কারণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে এবং কোনো কোনো দেশ এই নিরাপত্তা উদ্যোগের আওতায় আসবে তা এখনো স্পষ্ট করেনি ওয়াশিংটন কর্তৃপক্ষ। তবে বিদেশি মিত্রদের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ চালানো হচ্ছে বলে জানান হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা জে জনসন।
