২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ক জোরদারের চেষ্টায় যুক্তরাষ্ট্র-ভারত

কিছু অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খাওয়া ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারো জোরদার করাকে গুরুত্ব দিচ্ছেন দুই দেশের শীর্ষ কর্তাব্যক্তিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jul 2014, 05:32 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার নয়া দিল্লিতে ভারতের নতুন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন সফররত মার্কিন সিনেটর জন ম্যাককেইন। বৈঠকে ঝিমিয়ে পড়া সম্পর্ক উষ্ণ করা এবং অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করা নিয়ে দুই নেতার মধ্যে আলাপ-আলোচনা হয়।

গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কর্মকর্তা দেবযানী খোবড়াগাড়েকে একটি প্রতারণা মামলায় অভিযুক্ত করার পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। মোদি সরকার ক্ষমতায় আসার পর সম্প্রতি আবার খবর বের হয় যে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ বিজেপির শীর্ষ নেতাদেরকেও নজরদারিতে রেখেছিল।

কৌশলগতভাবে এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে আসছিল ওবামা প্রশাসন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মোদির ওপর থেকে দীর্ঘদিনের ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নেয় ওয়াশিংটন।

বৃহস্পতিবারের বৈঠকের পর নয়া দিল্লির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আবার জোরদার করার ইচ্ছা জানিয়েছেন মোদি।”

বৈঠকের পর দুই পক্ষই দ্বিপক্ষীয় বাণিজ্য আরো বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে ১ হাজার কোটি ডলারের আমদানি-রপ্তানি হয়ে থাকে।