ইরাক সীমান্তে ৩০ হাজার সৌদি সেনা মোতায়েন
সৌদি আরব ইরাকের সঙ্গে তাদের সীমান্তের সুরক্ষায় ৩০ হাজার সেনা মোতায়েন করেছে।
ইরাকি সেনারা সীমান্ত এলাকা থেকে চলে যাওয়ার পর সৌদি আরব এ পদক্ষেপ নেয় বলে বৃহস্পতিবার জানিয়েছে আল আরাবিয়া টিভি।
বিশ্বে শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের রয়েছে ইরাকের সঙ্গে ৫শ’ মাইল দীর্ঘ সীমান্ত। যেখানে আইএসআইএল বিদ্রোহী ও অন্যান্য সুন্নি জঙ্গি দলগুলো গত মাসে বেশ কিছু শহর দখল করেছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, বাদশাহ আবদুল্লাহ সম্ভাব্য সন্ত্রাসের হুমকি থেকে রাজ্যকে রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।
দুবাই-ভিত্তিক আল আরাবিয়া টিভি তাদের ওয়েবসাইটে বলেছে, ইরাকের সরকারি বাহিনী সীমান্ত এলাকায় তাদের অবস্থানগুলো থেকে সরে যাওয়ার পর অঞ্চলটি অরক্ষিত হয়ে পড়ায় সৌদি সেনাদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে।
আল আরাবিয়া টিভি সীমান্ত থেকে ইরাকি সেনাদের চলে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে। তবে ভিডিওটির সত্যাসত্য তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
