২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সঙ্কটে নতুন মুখ সিস্তানি

বাগদাদে মালিকি সরকারের প্রধান কার্যালয় থেকে শত কিলোমিটার দূরে নাজাফ শহরের একটি ভবন পতনের মুখে পড়া ইরাকের ভাগ্য নির্ধারণে কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে৤

রয়টার্স

>>ফয়সাল আতিক, অবলম্বনে

রয়টার্স

Published : 01 Jul 2014, 10:00 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

দেশটির রাজনৈতিক সংস্কার ও সাম্প্রতিক সুন্নি বিদ্রোহ মোকাবেলায় নাজাফের নির্দেশনা মানছে ইরাকিরা৤ অন্যদিকে দুই মেয়াদের শাসক নুরি আল মালিকির প্রধানমন্ত্রীত্বের প্রতি দেখা দিয়েছে চরম আস্থাহীনতা৤

শহরের ঐতিহ্যবাহী ও ধর্মীয় স্মৃতি বিজড়িত একটি স্থাপত্যে সোনালি গম্বুজের ছায়ায় অবস্থানকারী প্রবীণ গ্রান্ড মুফতি আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি গত তিন সপ্তাহ ধরে জুমার নামাযের ভাষণে রাজনৈতিক দিক নির্দেশনাও দিয়ে যাচ্ছেন, যা ইতোপূর্বে তাকে করতে দেখা যায়নি। ইরাকে ইঙ্গ-মার্কিন হামলার সময়েও অনেকটা নিশ্চুপ ছিলেন সিস্তানি।

তবে ইরাকের মসুল প্রদেশসহ উত্তরাঞ্চলের বৃহৎ অংশ এখন আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী ‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট’ বা আইএসআইএল-এর দখলে। দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি তেলক্ষেত্রগুলোও এখন সুন্নি বিদ্রোহীদের দখলে। বিদ্রোহীরা ইরাক ও সিরিয়ার দখলকৃত অঞ্চল নিয়ে নতুন ইসলামিক খেলাফত গঠনের স্বপ্ন দেখছে। তাদের আশা আলোর মুখ দেখলে ইরাকের ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র।

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির বিরুদ্ধে দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির বিস্তর অভিযোগ রয়েছে। শিয়া মতাবলম্বী হলেও দেশটির শিয়া জনগোষ্ঠীর একটি অংশও তার বিরুদ্ধে অপশাসনের অভিযোগ আনছে। মালিকির পশ্চিমা বন্ধুরাও তার পরিবর্তে ইরাকে নতুন নেতৃত্ব দেখতে চায়।

গত ১০ জুন মসুল শহর থেকে ইরাকি সেনাদের তাড়িয়ে দেয়ার মধ্য দিয়ে সুন্নি জঙ্গিদের দখলাভিযান শুরু হয়। সাবেক এক নায়ক সাদ্দাম হোসেনের অনুগত সেনা কর্মকর্তাদের সহায়তায় জঙ্গিদের অগ্রযাত্রা এখন বাগদাদের কাছাকাছি।

Image
ইরাকের রাজপথে অস্ত্রহাতে সিস্তানি সমর্থকরা

ইরাকের রাজপথে অস্ত্রহাতে সিস্তানি সমর্থকরা

মসুলের পতনের তিন দিনের মাথায় গত ১৩ জুন জুমার নামাযের ভাষণে বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ধরার আহ্বান জানান সিস্তানি। পাশাপাশি জনরোষের মুখে থাকা মালিকি প্রশাসনের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্ব বেছে নিতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি।

সিস্তানি ইরাকের এমন একজন ধর্মীয় ব্যক্তিত্ব, যার নির্দেশের বাস্তবায়নে অনুসারিদের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে শিয়া প্রধানমন্ত্রী মালিকির রাজনৈতিক ভবিষ্যত এখন স্বল্পায়ুতে পরিণত হয়েছে বলেই ধরে নিচ্ছেন বিশ্লেষকরা।

দুই মাস আগেই ইরাকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যাতে শিয়া নেতারাই অধিকাংশ স্থান থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল অনুযায়ী চলতি সপ্তাহেই নতুন সরকার গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

নতুন সরকারে মালিকিকে বাদ রাখার নির্দেশ দেয়ার কারণেই মূলত আলোচনায় উঠে আসেন সিস্তানি। শিয়া রাজনৈতিক সংস্কৃতিতে প্রধান ধর্মীয় নেতার রাজনীতির বিষয়ে মত প্রকাশের নজির খুবই কম।

গত তিন সপ্তাহ ধরে জুমার নামাযের বক্তব্যে ইরাকের সাম্প্রতিক পরিস্থিতিতে একই নির্দেশনাগুলো স্পষ্ট করে যাচ্ছেন ৮৩ বছর বয়সী সিস্তানি; ইরাকে এবং পাশ্ববর্তী দেশগুলোতে যার রয়েছে অগনিত অনুসারী। সিস্তানির বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপক গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে।

গত এক শতকের মধ্যে ইরাকের রাজনীতি নিয়ে দেশটির শিয়া ইমামতন্ত্রের ফতোয়া এটাই প্রথম। সিস্তানিপন্থি ইমামদের দাবি, ইরাক নামক দেশটির পতন ঠেকানোর জন্য তাদের নেতা এ ধরনের ফতোয়া দিয়েছেন।

সিস্তানির নির্দেশ পেয়ে অনেক ইরাকিকে অস্ত্র হাতে তুলে নিতে দেখা গেছে। সুন্নি জঙ্গিদের প্রতিহত করতে বাগদাদের রাজপথে সশস্ত্র মহড়া দিয়েছেন সাধারণ ইরাকিরা। এছাড়া মালিকিকে বাদ দিয়ে সব পক্ষের অংশগ্রহণে একটি নতুন সরকার গঠনের বিষয়টিও আলোচিত হচ্ছে জনপ্রতিনিধিদের বৈঠকে।

গত শুক্রবারের বক্তব্যেও জুলাইয়ের শুরু থেকে নতুন একজন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও স্পিকার ঠিক করতে রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন সিস্তানি।

তার ওই প্রভাবশালী ফতোয়া ইরাকের স্থিতিশীলতায় স্বল্প ও দীর্ঘ মেয়াদী ফল বয়ে আনবে বিশ্লেষকদের ধারণা।

জনগণকে অস্ত্র তুলে নেয়ার আহ্বান সহিংসতাকে আরো ঘনীভূত করবে অভিযোগ করেন অনেক সুন্নি নেতা। দেশটির ঐতিহাসিকভাবে জিইয়ে থাকা শিয়া-সুন্নি দ্বন্দ্বের ক্ষতও আবার ছড়িয়ে পড়তে পারে। কারণ এতোদিনে সাধারণত শিয়াদের ধর্মীয় নেতারা রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করত না।

ইমামতন্ত্রের সঙ্গে সুসম্পর্ক রাখেন এমন একজন শিয়া এমপি বলেন, “বর্তমান পরিস্থিতিতে সিস্তানিই এখন চালকের আসনে।”

পুরোনো স্মৃতি

শিয়া মতবাদের অনুসারীদেরকে একজন ধর্মীয় ইমামের অনুসারি হতে হয়। আরবিতে এ ধরনের পদ্ধতিকে বলা হয় ‘মারজা’। এই নিয়মেই শিয়াদের সর্বোচ্চ ধর্মীয় পদ ‘আয়াতুল্লাহ’ নির্বাচন করা হয়ে থাকে।

Image
নাজাফ শহরে শিয়া তীর্থস্থান

নাজাফ শহরে শিয়া তীর্থস্থান

বর্তমানে মুসলিম বিশ্বে ইরাকের নাজাফ ও ইরানের কুম শহরে দুই জন ‘আয়াতুল্লাহ’ ধর্মীয় অনুসানের দিক নির্দেশনা দিচ্ছেন।

নাজাফের হাজার বছরের পুরোনো শিয়া ইমামতন্ত্রের প্রধান হিসেবে রয়েছেন সিস্তানি। সে হিসেবে ইরাকের সব শিয়াদের ধর্মীয় নেতা তিনি। ধর্মীয় বিষয় ছাড়াও অন্যান্য সমসাময়িক বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন তিনি।

মোহাম্মদ হোসেইন আল হাকিমের বাবা নাজাফের শীর্ষ চারজন ইমামের একজন। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি শতাব্দির পুরোনো শিয়া-সুন্নি দ্বন্দ্বের কথা স্মরণ করেন। সুন্নি জঙ্গিদের উত্থানের কারণে নতুন করে সেই দ্বন্দ্ব ইরাকে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা তার।

দুই শতাব্দি আগে ইরাকের নাজাফের উত্তরে অবস্থিত কারবালায় সুন্নিরা শিয়াদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা চালিয়েছিল বলে জানান তিনি। নতুন করে শুরু হওয়া রাজনৈতিক দ্বন্দ্ব সেই দাঙ্গার পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

“এখন তাদের (সুন্নিদের) সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি। বিধ্বংসী বাহিনী আগের চেয়ে সক্রিয়। তাদের ধ্বংসাত্ত্বক পরিকল্পনাও অনেক জোরালো,” বলেন হাকিম।

রয়টার্সের সঙ্গে আলাপকালে সপ্তম শতাব্দিতে শিয়াদের ইমাম আলী হোসাইনের হত্যাকাণ্ডের ঘটনাটিও উল্লেখ করেন তিনি।

প্রতিপক্ষের প্রতারণার শিকার হয়ে ইরাকের কারবালায় সপরিবারে হত্যার শিকার হয়েছিলেন ইসলামের আলোচিত ব্যক্তিত্ব ইমাম হোসেন।

সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের শাসনামলে নাজাফ ও কারবালায় শিয়াদের তীর্থযাত্রা নিষিদ্ধ ছিল। তবে সাদ্দামের পতনের পরই শিয়ারা ইরাকের ক্ষমতায় আসে। শিয়াদের নাজাফ কেন্দ্রীয় তৎপরতা জোরদার হয়।

চাপে আছেন মালিকি

রাজনীতিতে আয়াতুল্লাহ আলি আল সিস্তানির হস্তক্ষেপের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইরাকে নতুন করে সবার অংশগ্রহণমূলক একটি সরকার গঠনের উদ্যোগ। ২০১০ সালের নির্বাচনের পর এমন একটি উদ্যোগের কথা উঠলেও পরে তা বাস্তবায়ন হয়। নতুন সরকার থেকে দুই মেয়াদের প্রধানমন্ত্রী মালিকিকে সরানোর প্রস্তাবও রয়েছে তার।

মালিকিকে সরানোর ইঙ্গিত দিয়ে শুক্রবার সিস্তানির দেয়া বক্তব্যের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তিগুলোর ইচ্ছার মিল রয়েছে। ২০০৪ সালে যুদ্ধ বিধ্বস্ত ইরাকের পুনর্গঠনেরও উদ্যোগ নিয়েছিলেন সিস্তানি। এর পর তাকে আর রাজনৈতিক বিষয়ে তেমন বক্তব্য দিতে দেখা যায়নি।

দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভক্তি সৃষ্টির অভিযোগ রয়েছে মালিকির বিরুদ্ধে। সুন্নিদের কোণঠাসা করার কারণেই তারা আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদেরকে মালিকি বিরোধী যুদ্ধে সহায়তা করছেন বলেও শোনা যাচ্ছে।

এসব কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মহল মালিকিকে প্রধানমন্ত্রীত্ব থেকে সরাতে চাইছে। সিস্তানির ফতোয়া পশ্চিমা বিশ্বের সেই ইচ্ছায় সহায়কই হবে।

মার্কিন আগ্রাসনকালে নিশ্চুপ সিস্তানি

ইরাকের সুন্নি ইমামদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে শিয়া ইমাম সিস্তানির তৎপরতা গোষ্ঠীগত সংঘাত আরো ঘনীভুত করবে।

আহমেদ আল কুবাইসি মধ্যপ্রচ্যের আল আরাবিয়া টিভিকে বলেন, “সিস্তানি তার অনুসারীদেরকে উর্দি পরার নির্দেশ দিচ্ছেন এবং সুন্নিদের বিরুদ্ধে লড়াই করতে বলছেন।”

সিস্তানির সাম্প্রতিক ফতোয়ার সমালোচনা করেন ইরাকের আরেক সুন্নি ধর্মীয় নেতা রিফা আল রিফায়ি। ইরাকে ইঙ্গো-মার্কিন হামলার সময় তার রহস্যময় নীরবতারও সমালোচনা করেন তিনি।

“আজকের ‘সিংহ’ সিস্তানি ইরাকে মার্কিন আগ্রাসনের সময় কোথায় ছিলেন? তারা আমাদের উপর অবিচার করেছে। অব্যাহত আক্রমণের শিকার হয়েছি আমরা। আমাদের রক্তে ইরাকের মাটি রঞ্জিত হয়েছে। নারীরা ধর্ষিত হয়েছেন,” বলেন রিফা।

তবে সিস্তানির সমর্থকদের দাবি, তাদের ইমাম আইএসআইএল জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের সব জনগণকে অস্ত্র হাতে নিতে বলেছেন। তিনি নির্দিষ্ট করে শিয়াদেরকে ইঙ্গিত করেননি।

সিস্তানির অনুসারী হাকিম আরো বলেন, তাদের ইমাম রাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে অংশ নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীকে এড়িয়ে গৃহযুদ্ধে নামতে নির্দেশ দেননি তিনি।

তা সত্ত্বেও সিস্তানির ওই ফতোয়া শিয়াদের জঙ্গিবাদের ধর্মীয় বৈধতা দিচ্ছে বলেও দাবি করেন অনেক বিশ্লেষক।