গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল
ফিলিস্তিনি গেরিলা দল হামাসের ওপর প্রতিশোধ নিতে গাজায় বিভিন্ন জায়গায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল।
অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতির অপহৃত তিন কিশোরের মৃতদেহ পাওয়ার পর ইসরায়েল এ হামলা শুরু করেছে। ওই তিন কিশোরকে হত্যার দায় হামাসের ওপর চাপিয়েছে ইসরায়েল।
কিশোর নাফতাইল ফ্রেঙ্কেল, গিলাদ শার এবং এয়াল ইফরাচ অনেকদিন থেকেই নিখোঁজ ছিল। সোমবার সন্ধ্যায় তাদের মৃতদেহ পাওয়া যায়।
হামাস এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও ইসরায়েল এ ঘটনার জন্য হামাসকেই দোষারোপ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস দায়ী এবং তাদেরকে এর মূল্য দিতে হবে।
হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সোমবার রাতভর গাজায় ৩০ টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রোববার রাত থেকে ১৮ টি রকেট হামলার জবাবে বিমান হামলা শুরু করেছে তারা।
ফিলিস্তিনের হালহুল শহরে ছেয়ে গেছে ইসরায়েলি সেনা। ওই শহরেই পাওয়া গেছে অপহৃত কিশোরদের লাশ।
ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা গেছে আবু আয়েশে শহরে।পশ্চিমতীরের জেনিন শহরেও মঙ্গলবার দিনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।
ফিলিস্তিনের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ার জন্য ইসরায়েল কিশোর অপহরণের ‘গল্প’ ফেঁদেছে বলে অভিযোগ করেছে হামাস।
