পূর্ব ইউক্রেইনে ছড়িয়ে পড়ছে লড়াই
পূর্ব ইউক্রেইনের স্লোভিয়ানিস্কে ইউক্রেইন বাহিনী এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই ছড়িয়ে পড়ছে। যুদ্ধবিরতির সময় সোমবার রাত পর্যন্ত বাড়ানোর পরও এ পরিস্থিতি বিরাজ করছে।
২০ জুনে শুরু হওয়া যুদ্ধরিতির সময় গত শুক্রবারে বাড়িয়ে আগামী সোমবার পর্যন্ত নির্ধারণ করেন ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো। রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা ভাবনা করা ইউরোপীয় ইউনিয়নও যুদ্ধবিরতির সময় সোমবার পর্যন্ত বাড়িয়েছে।
রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার সময়টিতে যুদ্ধবিরতি রক্ষা করার জন্য পশ্চিমা চাপের মুখে আছেন পোরোসেনকো। আবার যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেইনেও জনরোষের মুখে আছেন তিনি। ইউক্রেইনের অনেকেই মনে করছেন এ যুদ্ধবিরতির কারণে বিদ্রোহীরা কেবল আরো সুসংগঠিত হওয়ারই সুযোগ পাবে।
ইউক্রেইনের ন্যাশনাল গার্ড বলেছে, যুদ্ধবিরতির মধ্যেও স্লোভিয়ানস্কে তল্লাশি কেন্দ্রের কাছে বিদ্রোহীরা ট্যাংক এবং মর্টারের গোলা হামলা করছে।
ওদিকে, ইউক্রেইনের সেনারাও স্লোভিযানস্কের আশেপাশে বাজার এবং এপার্টমেন্ট ভবনে গোলা হামলা করছে বলে বিদ্রোহীদের উক্তি দিয়ে জানিয়েছে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা।
