২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আহ্বান

ইরাকের সবচেয়ে প্রভাশালী শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি সিসতানি দেশের রাজনৈতিক সঙ্কট প্রশমনে নেতাদেরকে আগামী মঙ্গলবারের মধ্যেই একজন প্রধানমন্ত্রী নিয়োগের আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 10:15 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

আগামী সপ্তাহে পার্লামেন্টের অধিবেশন এবং সরকার গঠন প্রক্রিয়া শুরুর আগেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের এ আহ্বান জানালেন সিসতানি।

তিনি বলেন, “মঙ্গলবার নতুন পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে রাজনৈতিক ব্লকগুলোর উচিত পরবর্তী প্রধানমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার এবং প্রেসিডেন্ট নির্বাচনে একমত হওয়া”।

ইরাকে একটি জাতীয় ঐক্য সরকার গড়ার জন্য দেশের ভেতরে-বাহিরে চাপ বাড়ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে এখনো চুক্তিতে পৌঁছতে পারেনি।

২০১০ সালের নির্বাচনে জিতে দ্বিতীয় বারেরমতো প্রধানমন্ত্রী হয়েছিলেন নূরি আল মালিকি। মেয়াদ শেষে গত এপ্রিলে আরেকটি নির্বাচন হয় যাতে মালিকির দলই এগিয়ে আছে। তবে তৃতীয় মেয়াদে সরকার গঠনের আগে মালিকির বিরোধীতা আসছে স্বয়ং শিয়া জনগোষ্ঠীর ভেতর থেকে। এছাড়া সুন্নি ও কুর্দিরাও তার বিরুদ্ধে বিভিক্ত ও সাম্প্রদায়িক বৈষম্য সৃষ্টির অভিযোগ তুলছেন।

এরই মধ্যে চলতি ১০ জুন ইরাকের মসুল প্রদেশের দখল নেয় সুন্নি বিদ্রোহীরা। তবে পরবর্তী সময় অনেকটা নাটকীয় ভাবেই উত্তর ইরাকের বিশাল বসতি, তেল ক্ষেত্র, সেনানিবাস ও গ্যাস ক্ষেত্রের দখল নেয় তারা।

আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিতের তৎপরতা ঠেকাতে অতি দ্রুত নতুন সরকার গঠনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সম্প্রতি ইরাক সফর করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরিও ঐক্যমতের সরকার গঠন করে বিদ্রোহী ও জঙ্গি মোকাবেলার পরামর্শ দিয়ে গেছেন।

তবে ইরাকের ভাগ্য দেশটির জনগণই ঠিক করবে বলে মত দেন কেরি। সিস্তানির ডাকে সাড়া দিয়ে হাজার হাজার শিয়া জনগোষ্ঠী ইতোমধ্যেই জঙ্গিদের ঠেকাতে স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দিয়েছে। মালিকি নিজেও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা চেয়েছেন। জঙ্গিদের ঠেকাতে স্বায়ত্তশাসিত কুর্দিদেরও সহায়তা চেয়েছেন তিনি।

সাদ্দাম হোসেনের পতনের পর নব গঠিত ইরাকের সরকার ব্যবস্থা অনুযায়ী প্রধানমন্ত্রী নেয়া হয় শিয়া সম্প্রদায় থেকে। এছাড়া দেশটির কুর্দি জনগোষ্ঠী থেকে প্রেসিডেন্ট এবং সুন্নি জনগোষ্ঠী থেকে পার্লামেন্টের স্পিকার নির্বাচিত করা হয়ে থাকে।

মঙ্গলবার নির্ধারিত সময়সীমার শেষ দিনে পার্লামেন্ট বসার আগেই নবনির্বাচিতদেরকে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির ভাগ্য নির্ধারণ করতে হবে। পাশাপাশি আদিবাসী প্রতিনিধিদের মধ্যে থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকার পদের জন্য প্রতিনিধি ঠিক করতে হবে।

“বাকি দিনগুলোর মধ্যেই রাজনীতিকদেরকে তিনটি পদের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে।” শুক্রবার একটি অনুষ্ঠানে বলেন সিস্তানির এক প্রতিনিধি।

মালিকি নেতৃত্বাধীন সরকারের অধীনে সুন্নিদেরকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আর এ কারণেই তারা অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। এছাড়া ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্টও মালিকির সরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।