২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত, নিহত ৫

ভারতের নয়াদিল্লি থেকে আসামগামী রাজধানী এক্সপ্রেস বিহারে লাইনচ্যুত হয়ে অন্ততপক্ষে ৫ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 01:34 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার ভোররাতের এ ঘটনায় আরো ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সসেনা জানিয়েছেন, ওই দিন ভোররাত প্রায় সোয়া ২টায় বিহারের ছাপড়া শহরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে এবং এতে ট্রেনটির ১২টি বগি লাইনচ্যুত হয়।

এলাকাটি বিহারের রাজধানী পাটনা থেকে ৭৫ কিমি দূরে।

এই দুর্ঘটনার কারণ সম্পর্কে শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও বিহার পুলিশ পরস্পর বিরোধী মন্তব্য করেছে।

রেলমন্ত্রী সদানন্দ গৌড়া বলেছেন, “নাশকতাই এর কারণ বলে মনে করা হচ্ছে, কারণ ওখানে মাওবাদীদের ডাকা বনধ চলছিল। এতেই এ ঘটনা ঘটেছে বলে মনে করছি আমি, তবে প্রকৃত কারণ জানা যায়নি।”

অপরদিকে বিহার পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ভিনোদ কুমার বলেছেন, “দুর্ঘটনার কারণ নাশকতা নয়।”

এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে রেলমন্ত্রী নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ রুপি, মারাত্মক আহতদের এক লাখ রুপি ও সামান্য আহতদের ২০ হাজার রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া আহতদের সব ধরনের চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি রেল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।