২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরাকের প্রধান তেল শোধনাগার বিদ্রোহীদের দখলে’

রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত ইরাকের প্রধান তেল শোধনাগার বেইজির পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে দাবি করেছে দেশটির সুন্নি বিদ্রোহীরা।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 03:12 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

১০ দিন ধরে অবরুদ্ধ করে রাখা তেল শোধনাগারটি দখলে বিদ্রোহীদের বেশ কয়েকটি প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছিল ইরাকের সরকারি বাহিনী।

ইরাকের সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত বেইজি তেল শোধনাগার থেকে দেশটির ৭৫ ভাগ পরিশোধিত তেল সরবরাহ করা হয়। এই শোধনাগারটি ঘিরে লড়াই ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে দেশটিতে জ্বালানি তেলের সঙ্কট দেখা দিয়েছে।

বিদ্রোহীদের এক মুখপাত্র বলেছেন, শোধনাগারটির প্রশাসন পরিচালনার জন্য স্থানীয় উপজাতি গোত্রগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে।

বাগদাদ অভিমুখে নিজেদের অগ্রযাত্রা ধরে রেখেছেন বলে জানিয়েছেন তিনি।

উত্তরাঞ্চলের ইরবিল থেকে বিবিসি’র প্রতিনিধি জানিয়েছেন, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ও উত্তর-পশ্চিমাঞ্চলের যেসব এলাকা বিদ্রোহীদের দখলে আছে সেসব ধরে রাখা ও সেখানকার জ্বালানি প্রয়োজন মেটানোর জন্য শোধনাগারটি দখল করা বিদ্রোহীদের জন্য জরুরি হয়ে পড়েছিল।

ইরাক সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন ইরবিলে আছেন। উত্তরাঞ্চলের এই শহরটিতে তিনি ইরাকি নেতাদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে মিলিত হবেন।

প্রথম দিন বাগদাদে ইরাকের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর তিনি ইরাকের প্রতি “ব্যাপক ও ধারাবাহিক সমর্থন” দেয়ার আশ্বাস দিয়েছেন। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ছাড়াও দেশটির শীর্ষস্থানীয় শিয়া ও সুন্নি রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন তিনি।

সুন্নি বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী ‘দি ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ত (আইএসআইএস বা আইএসআইএল)’ ইরাকের অস্তিত্বের জন্য হুমকি বলে মন্তব্য করে কেরি বলেছেন, “আসছে দিন ও সপ্তাহগুলো খুব সঙ্কটজনক হবে।”

ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল’র নেতৃত্বাধীন সুন্নি বিদ্রোহীরা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলসহ উত্তর ও পশ্চিমাংশের বিশাল এলাকা দখল করেছে। তারা হাদিথার কাছে দেশটির একটি গুরুত্বপূর্ণ বাঁধসহ সিরিয়া ও জর্দান সীমান্তের সব ক্রসিংগুলো দখল করে নিয়েছে।