মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন সুদানের মরিয়ম
যুক্তরাষ্ট্রের এক খ্রিস্টান ধর্মাবলম্বী নাগরিককে বিয়ে করে ইসলাম ত্যাগ করা সুদানি নারী মরিয়ম ইব্রাহিমকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। বিবিসি’কে একথা জানিয়েছেন মরিয়মের আইনজীবী।
আপিল আদালত মরিয়মের মৃত্যুদণ্ড খারিজ করে বলে জানায় সরকারি বার্তা সংস্থা সুনা।
গত মাসে ২৭ বছর বয়সী ওই নারীকে মৃত্যুদণ্ড দেয় সুদানের একটি আদালত। ইসলাম ধর্মে ফিরে আসতে অস্বীকৃতি জানালে তাকে ওই দণ্ড দেয়া হয়।
আদালতের এ রায়কে কেন্দ্র করে ব্যাপক কূটনৈতিক চাপের মুখে পড়ে খার্তুম। ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানাতে সুদান সরকারের প্রতি আহ্বান জানায় যুক্তরাজ্য।
মৃত্যুদণ্ডের পাশাপাশি একজন খ্রিস্টানকে বিয়ে করায় মরিয়মকে ১১০টি বেত্রাঘাতেরও আদেশ দিয়েছিল দালত। কারাগারে বন্দি অবস্থায় গত সপ্তাহে একটি মেয়ে হয় মরিয়মের। এটা তাদের দ্বিতীয় সন্তান।
মরিয়মের আইনজীবী এলশরীফ আলি তার মক্কেলের মুক্তিতে আনন্দ প্রকাশ করে বলেছেন, “আমরা খুবই খুশী। তারা তাকে মুক্তি দিয়েছে।তিনি এখন বাড়ির পথে”।
বিচারের সময় মরিয়ম অত্যন্ত সাহস দেখিয়েছেন উল্লেখ করে আলি বলেন, “তার মুক্তি সুদানে ধর্মীয় স্বাধীনতার জয়.... মরিয়মের শক্ত অবস্থানের কারণে ভবিষ্যতে সেখানে আর কেউ এ ধরনের বিচারের মুখে পড়বে না বলেই আমরা মনে করি”।
