ইরাকের পাশে থাকার অঙ্গীকার কেরির
ইরাক সফরকালে বাগদাদ সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
রাজধানী বাগদাদে বিশিষ্ট রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকের পর সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারকে ঘনিষ্ঠ এবং নিরবিচ্ছিন্নভাবে সহায়তা করে যাওয়ার আশ্বাস দেন তিনি।
সুন্নি বিদ্রোহীরা দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলজুড়ে বিভিন্ন শহর দখল করে নিতে থাকার মধ্যে কেরি ইরাক সফর করছেন।
সোমবার ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সঙ্গে বৈঠককালে কেরি তাকে আরো ব্যাপকভিত্তিক সরকার গড়ার আহ্বান জানান। যে সরকারে সুন্নি প্রতিনিধি থাকবে বেশি।
কেরির এ আহ্বানের জবাবে মালিকি ১ জুলাইয়ের মধ্যে ইরাকে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তবে বলেন, “সরকারের নেতৃত্বে কারা থাকবে তা ইরাকিদের বলে দেয়ার অধিকার কোনো দেশের নেই। এটি নির্ধারণ করবে ইরাকের জনগণ”।
মালিকি ছাড়া শিয়া ও সুন্নি নেতাদের সঙ্গেও বৈঠক করেন কেরি। যুক্তরাষ্ট্রের দূতাবাসে তিনি বলেন, “নিবিড় এবং নিরবিচ্ছিন্ন সমর্থন দেয়া হবে। আর ইরাকের নেতারা দেশকে ঐকবদ্ধ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিলে তাতে কাজ হবে”।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহায়তায় ইরাকি নিরাপত্তা বাহিনী আরো কার্যকরভাবে এবং ইরাকের সার্বভৌমত্ব বজায় রেখে (সুন্নি বিদ্রোহিদের বিরুদ্ধে) লড়তে পারবে”।
বিদ্রোহীদের বিরুদ্ধে ইরাকের রাজনীতিবিদদেরকে একযোগে উঠে দাঁড়াতে হবে। এটি ইরাকি নেতাদের সিদ্ধান্ত নেয়ার মুহূর্ত। ইরাক বিদ্যমান হুমকির মুখে রয়েছে এবং নেতাদেরকে এ হুমকি মোকাবেলা করতে হবে”।
‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’(আইএসআইএল) রোববার সিরিয়া এবং জর্ডান সীমান্তে দুইটি বর্ডার ক্রসিং আল ওয়ালিদ এবং তুরাবিল দখল করে। এর আগে শুক্রবার আইএসআইএল আনবার প্রদেশে কাইম, রাওয়া, আনাহএবং রুতবাও দখল করে।
হাদিতা শহরের কাছে জঙ্গিরা একটি বাঁধের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে। উত্তরাঞ্চলীয় তাল আফার শহরের বিমানবন্দরও বিদ্রোহীদের হাতে চলে গেছে।
কয়েকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আনবার প্রদেশের ৭০ শতাংশই জঙ্গিদের দখলে।
কেরি ইরাকের নেতা এবং জঙ্গি নেতাদেরকে সাম্প্রদায়িক এবং জাতিগত বিভক্তির ঊর্ধ্বে উঠে দেশের বিভক্তি ঠেকাতে রাজি করানোর চেষ্টা নিয়ে ইরাক সফর করছেন।
ইরাক বিভক্ত এরই মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে। এ বিভক্তি কোনোভাবে ঠেকানো যায় কিনা প্রশ্ন সেটি।
