২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পশ্চিম সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে ইরাকি সরকার’

ইরাকের পশ্চিম সীমান্তে সিরিয়া ও জর্দানের সঙ্গে সংযোগকারী ক্রসিংগুলো বিদ্রোহী সুন্নি জঙ্গিরা দখল করে নিয়েছে এমন খবরে ইরাকি সরকার দেশটির পশ্চিম সীমান্তের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 02:14 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের দুটি প্রধান ক্রসিং বিদ্রোহীরা দখল করে নেয় বলে ইরাকি কর্মকর্তাদের বরাতে সোমবার জানিয়েছে বিবিসি।

এর একদিন আগে প্রদেশটির সিরিয়া সংলগ্ন কাইম ক্রসিং দখল করে নিয়েছিল বিদ্রোহীরা।

ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফার শহরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিও বিদ্রোহীদের দখলে চলে গেছে বলে প্রকাশিত খবরে জানা গেছে।

জুনের শুরুতে ইরাকি শহর মসুলের পতনের পর থেকে দি ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ত (আইএসআইএল) এর বিদ্রোহী জঙ্গিরা ইরাকের পশ্চিম ও উত্তরাংশের বিশাল একটি অংশ দখল করে নিয়েছে।

দুদিনে তারা সুন্নি প্রধান আনবার প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ৪টি শহর- কাইম, রুতবা, রাবা এবং আনাহ, দখল করে নিয়েছে।

রোববার সরকারি বাহিনী প্রত্যাহার করার পর বিদ্রোহীরা সিরিয়া সীমান্তের সীমান্ত চৌকি ওই ওয়ালিদ এবং জর্দান সীমান্তের তুরাইবিল দখল করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রতিবেশী দুটি দেশের সঙ্গে সংযোগকারী সীমান্ত ক্রসিং দখল করে নেয়ার মাধ্যমে বিদ্রোহীরা সিরিয়া ও ইরাকের বিভিন্ন লড়াইয়ের ক্ষেত্রগুলোতে অস্ত্র ও অন্যান্য রসদ আনা-নেয়া করতে সক্ষম হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

এদিকে, এই বিদ্রোহীরা ওই অঞ্চলের জর্দানসহ অন্যান্য দেশেও অস্থিরতার ঝুঁকি তৈরি করবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।