বুলগেরিয়ায় বন্যায় ১০ জনের মৃত্যু
বুলগেরিয়ার পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কৃষ্ণসাগর তীরবর্তী পূর্বাঞ্চলীয় বন্দর শহর ভার্না এক মিটার উচ্চতার (৩ দশমিক ২ ফুট) বন্যার পানিতে তলিয়ে গেছে।
বন্যার পানির প্রবল তোড়ে অনেক গাড়ি ভেসে যায়। গাড়ির ভিতরে আটকা পড়া অনেক মানুষ উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। শহরটির শত শত মানুষ বিদ্যুৎ ও খাদ্যবিহীন অবস্থায় রয়েছেন।
সম্প্রতি কয়েক দিন ধরে বুলগেরিয়ার কয়েকটি অংশে শিলাঝড় ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। আবহওয়ার এই বিরূপ পরিস্থিতি আরো কয়েকদিন ধরে অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় ভার্না ও বুরগাস অঞ্চলে একমাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
ছবি: রয়টার্স
