পোরোসেনকোর যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রুশপন্থিরা
ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকোর দেয়া একতরফা যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পূর্বের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।
এরপরপরই পূর্ব ইউক্রেইনে সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। ক্রানসি লিমান শহরের কাছে ভোর ৪ টায় এ লড়াই শুরু হয়।
সরকারি বাহিনীর মুখপাত্র ভ্লাদিস্লাভ সেলেজনভ বলেছেন, “আমরা গত রাতে সন্ত্রাসীদেরকে তাদের অস্ত্র সমর্পণ করার আলটিমেটাম দিয়েছিলাম। আমাদের ইউক্রেইনের আইনানুসারে তাদের নিরাপত্তার নিশ্চয়তা এবং তদন্তের বিষয়টি তারা প্রত্যাখ্যান করেছে। এখন আমরা তাদের নিয়ন্ত্রণ শিথিল করার চেষ্টা করছি”।
বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ থেকে লড়াইয়ের ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
পোরোসেনকো বুধবার সরকারি বাহিনীর একতরফা যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তাব দেয়াসহ পূর্ব ইউক্রেইনের জন্য একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর পোরোসেনকো এ পরিকল্পনা পেশ করেন।
