মোদির বাসভবন ঘেরাওয়ের হুমকি কংগ্রেসের
ভারতের রাজধানী নয়াদিল্লির বিদ্যুৎ ও পানি সঙ্কট আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না হলে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার হুমকি দিয়েছে কংগ্রেস।
মঙ্গলবার সকালে দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দ সিং লাভলি, ঊর্ধ্বতন নেতা জগদীশ টাইটলার ও মুকেশ শর্মার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ করে বলে জানিয়েছে ‘দ্য ইকোনোমিক টাইমস’।
পতপারগঞ্জ ও দিলশাদ গার্ডেন এলাকায় পোড়ানো হয় ভারতায় জনতা পার্টি (বিজেপি) ও আম আদমি পার্টির (এএপি) নেতাদের কুশপুত্তলিকা। এ সময় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষ বাধে। কর্মীরা কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে।
দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র মুকেশ শর্মা বলেন‘ “কেন্দ্রীয় সরকারকে চরম হুঁশিয়ারি দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সঙ্কট না কাটলে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে।” কংগ্রেসের অভিযোগ, বিদ্যুৎ সংস্থাগুলোর সঙ্গে আঁতাত আছে বিজেপি এবং আম আদমি পার্টির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে অল্প সময়ের মধ্যেই দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর রাজধানী দিল্লিতেই বিদ্যুৎ ঘাটতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার।
বিজেপি’র কথা ও কাজে কোনো মিল নেই অভিযোগ করে মুকেশ বলেন, “বিজেপি ক্ষমতায় এসে বিদ্যুৎ বিলে ৩০ শতাংশ ভর্তুকি দেয়ার সব প্রতিশ্রুতি ভুলে গেছে”।
