২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ওবামার বৈঠক

ইরাকে সুন্নি জঙ্গিদের একের পর এক হামলা ও শহর দখলের ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে মার্কিন প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বারাক ওবামা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jun 2014, 11:01 AM

Updated : 22 Aug 2022, 06:31 PM

সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে।

“প্রেসিডেন্ট ইরাক বিষয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন এবং আরো বৈঠক করবেন”, বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রতিরক্ষাকমন্ত্রী চাক হেগেল, এটর্নি জেনারেল এরিক হোল্ডার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস উপস্থিত ছিলেন।

এই বৈঠকে জাতিসংঘের কূটনীতিক সামান্থা পাওয়ার, সিআইএ পরিচালক জন ব্রেনান, জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপার এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্টিন ডেম্পসেও উপস্থিত ছিলেন।

ইরাকের ‘দি ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) এর নেতৃত্বাধীন জঙ্গিরা গত সপ্তাহে মসুল এবং তিকরিতসহ গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করেছে।
অবশ্য কয়েকটি শহর পুনর্দখল করেছে সরকারি বাহিনী।

তবে এরই মধ্যে সুন্নি, শিয়া জনগোষ্ঠী ও কিছু জাতিগত তুর্কি অধ্যুষ্যিত তাল আফার শহরটি সুন্নি জঙ্গিদের দখলে চলে গেছে বলে জানা গেছে। এটির অবস্থান মসুল এবং সিরিয়া সীমান্তের মাঝামাঝিতে।

তাল আফারের এক অধিবাসী ফোনে বলেছেন, জঙ্গিরা মেশিনগান নিয়ে এবং কালো জিহাদি ব্যানারের পতাকা উড়িয়ে পিক আপ ট্রাকে করে রাস্তায় রাস্তায় ঘুরছে। শোনা যাচ্ছে গুলির শব্দও।

অধিবাসীরা আতঙ্কে আছে এবং তাদের বেশিরভাগই শহর ছেড়ে কুর্দিদের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে চলে গেছে।

এদিকে সুন্নি জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ইরাকের সরকারি বাহিনীকে সমর্থন দেয়ার জন্য শত্রুদেশ ইরানের সঙ্গে আলোচনায় বসার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরাকে কোনো ব্যবস্থা নিলে ইরান সহযোগিতা করার কথা বিবেচনা করবে।