২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট নির্বাচনে আসাদের জয়

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ গৃহযুদ্ধকবলিত দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 12:12 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

এরমধ্যদিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো সাত বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

মঙ্গলবার দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার সিরীয় পার্লামেন্ট আসাদের জয়ী হওয়ার কথা ঘোষণা করে।

সিরীয় পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদ প্রদেয় ভোটের মধ্যে ৮৮.৭ ভাগ ভোট পেয়েছেন।

বুধবার দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত জানিয়েছে, ১ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৫শ’ ৭৫ ভোটারের মধ্যে ১ কোটি ১৬ লাখ ৩৪ হাজার ৪শ’ ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে করে নির্বাচনে ৭৩.৪২ শতাংশ ভোট পড়েছে।

দেশটিতে মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ করার কথা থাকলেও নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সর্বোচ্চ আইন কমিটি আর ৫ ঘণ্টা সময় বাড়িয়ে দেয়ার ঘোষণা দেয়।

আর মধ্যরাতেই এই সময়টিতেই ‘ব্যাপক ভোট’ পড়ে বলে দাবি করা হয়েছে।

সিরিয়ার আধুনিক সময়ের ইতিহাসে এবারই প্রথম একাধিক প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন।

তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে বিদ্রোহীদের পরাজয়ের মুখে এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গৃহযুদ্ধে দেশটিতে এক লাখেরও বেশি মানুষ নিহত ও ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

নির্বাচনে প্রেসিডেন্ট আসাদ ছাড়া অপর যে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন সংসদ সদস্য মাহির আব্দুল হাফিজ হাজ্বার ও সংসদ সদস্য হাসান আবদুল্লাহ আল নুরি।

এটি আগেই ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট আসাদ আগামী সাত বছরের জন্য তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।

আসাদ সরকারের সমালোচকরা এই নির্বাচনকে “ধোঁকাবাজি” বলে বর্ণনা করেছেন।

এবারই প্রথম ব্যালট পেপারে তিনজন প্রার্থীর নাম ছিল। এর আগে সরকারি উদ্যোগে আসাদ পরিবারের একজন প্রার্থীর নামে গণভোট অনুষ্ঠিত হলেও নির্বাচন হয়নি। এবার দেশটির সংবিধান সংশোধন করে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে।

ভোট গ্রহণের জন্য সারা দেশে ৯৬০০টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়।

শুধু সরকারি বাহিনী অধিকৃত এলাকাতেই ভোট গ্রহণ করা হয়। বিদ্রোহীদের দখলকৃত বা লড়াই চলছে এমন এলাকায় ভোট গ্রহণ করা হয়নি।

পশ্চিমা শক্তিগুলো সমর্থিত সিরিয়ার সরকারবিরোধী ন্যাশনাল কোয়ালিশন ভোট বর্জন করেছে। আর বিদ্রোহীরা ভোট গ্রহণ বাধাগ্রস্ত করার হুমকি দিলেও বড় ধরনের কোন সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।