২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-ভিয়েতনাম সমর্থন লাভের দাবি থাই জান্তার

চীন এবং ভিয়েতনাম থাইল্যান্ডের নতুন সামরিক সরকারকে সমর্থন দিয়েছে বলে দাবি করেছেন সেনাবাহিনীর এক মুখপাত্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Jun 2014, 07:14 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

থাইল্যান্ডে দীর্ঘ ছয় মাস ধরে সরকার ও বিরোধী পক্ষের বিরোধ চলার মধ্যে গত ২২ মে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান প্রেয়াথ চান-ওচা। বিশ্বের কয়েকটি দেশ এর সমালোচনা এবং নিন্দা করেছে।

ওদিকে, সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে থাইল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক কাটছাঁটের প্রতিবাদ জানাতে বুধবার সেনাবাহিনী-পন্থিরা অস্ট্রেলীয় দূতাবাসের সামনে বিক্ষোভও করেছে।

এ পরিস্থিতির মধ্যেই চীন ও ভিয়েতনামের সমর্থন লাভের দাবি করল থাই জান্তা সরকার।

শান্তি ও শৃঙ্খলা বিষয়ক জাতীয় সামরিক পরিষদের মুখপাত্র ইয়ংইয়ুথ মায়ালার্প সাংবাদিকদের বলেন, “থাইল্যান্ডে চীন ও ভিয়েতনামের দুই রাষ্ট্রদূত সুপ্রিম কমান্ডার জেনারেল থানাসাক পতিমাপরাকর্নের সঙ্গে গতকাল দেখা করেছেন। তারা এখনো থাইল্যান্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়েছেন এবং পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাও প্রকাশ করেছেন”।

চীন এ খবরের ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে মিয়ানমারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় নতুন থাই সামরিক শাসকদেরকে স্বীকৃতি দিয়েছে। মন্ত্রণালয়ের মহাপরিচালক অং লিন বুধবার বলেছেন, “থাইল্যান্ড একটি সার্বভৌম রাষ্ট্র এবং থাই রাজা সামরিক সরকারকে অনুমোদন দিয়েছে। আর সেজন্যই আমারও তাদের স্বীকৃতি জানাই।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্র থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া বাতিল করেছে। রাজবন্দিদের মুক্তি দেয়া এবং সেন্সরশীপের অবসান ঘটাতে থাই সরকারকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

অস্ট্রেলিয়াও গত শনিবার থাইল্যান্ডের জান্তা নেতাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সামরিক সহযোগিতা কমিয়েছে।