ব্যাংককে বিক্ষোভ ঠেকাতে সেনা মোতায়েন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ ঠেকাতে হাজার হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্যাংককের কেন্দ্রস্থলে কোনো কোনো এলাকার রাস্তাঘাট ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করা হয়েছে রেল স্টেশনও। এতে প্রায় জনশূন্য হয়ে পড়েছে শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র ।
সেনা অভ্যুত্থানের বিরোধিতাকারীরা স্যোশাল মিডিয়ায় দেশব্যাপী বিক্ষোভ ডাকার পরিকল্পনা নিয়েছে।
পাঁচ বা ততোধিক মানুষের কোনোরকম রাজনৈতিক সমাবেশের ওপর সামরিক জান্তা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভকারীরা প্রায় প্রতিদিনই ব্যাংককে জমায়েত হচ্ছে।
বিক্ষোভ ঠেকাতে ব্যাংককের বাণিজ্যিক এলাকায় মোতায়েন হয়েছে ৫৭০০ সেনা-পুলিশ। থাইল্যান্ডের উপ পুলিশ প্রধান সোমোয়ত পুমপানমুং বলেছেন, “এটি বাণিজ্যিক এলাকা তাই ক্ষয়ক্ষতি এড়াতে এখানে সভা-সমাবেশ ঠেকাতে হবে”।
কেউ কর্তৃপক্ষের বিরুদ্ধাচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে কয়েকবার হুঁশিয়ারি দিয়েছেন সেনা অভ্যুত্থানের নেতা।
এ পর্যন্ত সেনা এবং বিক্ষোভকারীদের মধ্যে সামান্য ধস্তধস্তির ঘটনা ঘটেছে এবং বিক্ষোভকারী নেতাদের বেশ কয়েকজন আটক হয়েছেন বলে জানিয়েছেন বিবিসি’র সংবাদদাতারা।
থাই সেনাবাহিনী গত ২২ মে ক্ষমতা দখল করে। অভ্যুত্থানের পর থাইল্যান্ডের সংবিধান স্থগিত করাসহ নাগরিক স্বাধীনতার সীমা বেঁধে দিয়েছে সামরিক জান্তা।
সেনাশাসক জেনারেল প্রেয়াথ চান-ওচা দেশটিতে এক বছরের মধ্যে নির্বাচনের সম্ভাবনা নাকচ করেছেন।
