‘ম্যান্ডেলার ওপর এফবিআই’র গোয়েন্দাগিরি’
দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের সঙ্গে বর্ণ বৈষম্যের প্রতিবাদে ২৭ বছর কারাদণ্ড ভোগ করে পর মুক্তি পাওয়া নেলসন ম্যান্ডেলার ওপর গোয়েন্দাগিরি করেছিল যুক্তরাষ্ট্রের এফবিআই(ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন)।
মুক্তি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে ম্যান্ডেলার ঐতিহাসিক সফরের সময় এ নজরদারি চালানো হয় বলে শুক্রবার প্রকাশিত এক সংবাদে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
অবমুক্ত করা নতুন কিছু নথির সূত্রে সংবাদটি প্রকাশ করে দৈনিকটি।
১৯৯০ সালে ম্যান্ডেলা যখন প্রথম যুক্তরাষ্ট্রে যান, তখনও তার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, যুক্তরাষ্ট্রের সরকারি তালিকায় সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত ছিল।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সফরের সময় ম্যান্ডেলার সঙ্গীদের মধ্যে একজন চর ছিলেন যিনি এফবিআই’য়ের কাছে ম্যান্ডেলার গতিবিধির তথ্য পাচার করতেন।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস্ ইনস্টিটিউট অব টেকনোলজি’র রায়ান শাপিরো, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই), সিআইএ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কাছে থাকা ম্যান্ডেলাবিষয়ক নথিগুলো পাওয়ার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি এ সংক্রান্ত ৩৩৪ পৃষ্ঠার পরিমার্জিত এফবিআই নথি শাপিরো আল জাজিরা’র সঙ্গে মিলিতভাবে পেয়েছেন। এসব নথিতে ১৯৯০ সালের জুন থেকে লিপিবদ্ধ করা তথ্য আছে।
এ বিষয়ে শাপিরো বলেছেন, “এফবিআই তথ্যগুলো শুধু ব্যাপকভাবে পরিমার্জন করেছে এমন নয় অনেক নথি ধরেও রেখেছে, এতে ১৯৯০ সালে কারাগার থেকে ম্যান্ডেলা মুক্তি পাওয়ার পর তার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের যুক্ত থাকার বিষয়ে দৃশ্যত কোনো আলোচনাই নেই।”
যুক্তরাষ্ট্রের আটটি শহরে সফরের সময় ম্যান্ডেলা ব্যাপক সংবর্ধনা পান। তখন তিনি মাত্রই কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে তার সংগ্রামের জন্য একজন শ্রদ্ধেয় আন্তর্জাতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
এ সফরের সময় ধারাবাহিক বেশ কয়েকটি হত্যা হুমকি থেকে ম্যান্ডেলাকে নিরাপদ রাখা নিরাপত্তা সংস্থাগুলোর জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়।
এফবিআই’য়ের নথি অনুযায়ী, একটি নব্য নাৎসিবাদী গোষ্ঠী, কু ক্লুক্স ক্ল্যান (সাদা চরমপন্থী বর্ণবাদী গোষ্ঠী), দি অ্যারিয়ান নাইটস অব দ্য গ্রেট ফরেস্টসহ কয়েকটি গোষ্ঠী এসব হুমকি দিয়েছিল।
১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হন নেলসন ম্যান্ডেলা। জোহানেসবার্গের নিজ বাড়িতে ২০১৩ সালের ডিসেম্বরে তিনি ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
