শিগগিরই নির্বাচন হচ্ছে না থাইল্যান্ডে
থাইল্যান্ডে এক বছরেরও বেশি সময়ের জন্য নির্বাচন দেয়ার সম্ভাবনা নাকচ করেছেন সেনাশাসক।
দেশে রাজনৈতিক সম্প্রীতি ফেরানো এবং সংস্কার কাজের জন্য সময় দিতে নির্বাচনে এ বিলম্ব করা হচ্ছে বলে শুক্রবার টেলিভিশনে দেয়া ভাষণে জানিয়েছেন জেনারেল প্রেয়াথ চান-ওচা।
সামরিক প্রশাসনের এ পরিকল্পনা এগিয়ে নিতে সব পক্ষকে প্রতিবাদ-বিক্ষোভ বন্ধ করে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।
থাইল্যান্ডে দীর্ঘ ছয় মাস ধরে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বিরোধ চলার মধ্যে গত ২২ মে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গত সোমবার থাই রাজারও অনুমোদন পান সেনাশাসক।
অভ্যুত্থানের পর জনসম্মুখে প্রথম ভাষণে জেনারেল প্রেয়াথ বলেন, “নির্বাচনের পথে এগুতে ক্ষমতাসীন সামরিক সরকারের হাতে সময়সীমা এক বছর তিন মাস”।
সংঘর্ষ-সহিংসতায় অনেক সময় নষ্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় তিনমাসের প্রথম ধাপে একটি মন্ত্রিসভা এবং নতুন খসড়া সংবিধান তৈরিসহ ‘সম্প্রীতি’ গড়ে তোলার দিকে মনোনিবেশ করা হবে।
এরপর বছরব্যাপী সময় নিয়ে দ্বিতীয় ধাপে শুরু হবে সংস্কার প্রক্রিয়া। এরপরই কেবল নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে।
প্রেয়াথ আরো বলেন, “আপনাদের সমস্যা সমাধানে আমাদেরকে সময় দিন। এরপর সেনারা আবার তাদের জায়গায় ফিরে যাবে”।
থাইল্যান্ডে গত নভেম্বর থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে বেশ কিছু মানুষ হতাহত হওয়ার পর আদালতের নির্দেশে ক্ষমতা ছাড়েন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত। নতুন প্রধানমন্ত্রী কাজ শুরুর পর কয়েকদিনের মধ্যেই ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
