এভারেস্ট জয়ে হেলিকপ্টার ব্যবহারের অভিযোগ
চলতি মৌসুমে বিশ্বের সর্বোচ্চ পর্বত শিখর এভারেস্ট জয় করার একক দাবীদার এক চীনা নারীর বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহার করার অভিযোগ উঠেছে।
এ মৌসুমে তিনি নেপালের দিক থেকে হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় উঠেছিলেন।
মঙ্গলবার নেপালের পর্যটন মন্ত্রণালয় ওয়াঙ জিং নামের ৪০ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করার কথা জানিয়েছে।
শুক্রবার ওয়াঙ ৮৮৫০ মিটার (২৯,০৩৫ ফুট) উচ্চতার ওই পর্বত শিখরে আরোহণ করেন।
কিন্তু অভিযোগ উঠেছে, এপ্রিলে ৬৪০০ মিটার উপরে বেস ক্যাম্প টু’তে এক বরফ ধসে পর্বত শিখরে ওঠার রাস্তা চাপা পড়ে যাওয়ায় এর উপরের দিকের একটি বেস ক্যাম্পে পৌঁছতে ওয়াঙ হেলিকপ্টার ব্যবহার করেছেন।
১৮ এপ্রিলের ওই দুর্ঘটনায় ১৬ জন নেপালি শেরপা নিহত হন। নিহত সঙ্গীদের প্রতি শ্রদ্ধা জানাতে পর্বতারোহীদের সহায়তা করতে অস্বীকৃতি জানান শেরপারা। এতে কয়েকশ’ পর্বতারোহী তাদের অভিযান বাতিল করতে বাধ্য হন।
কিন্তু ব্যক্তিগতভাবে যোগাড় করা পাঁচজন শেরপার সহায়তা নিয়ে ওয়াঙ হিমালয়ের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ওই বরফ ধসের পর প্রথম কোন ব্যক্তি হিসেবে এভারেস্ট চূড়া জয় করে আসেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বরফ ধসের এলাকাটি পার হতে ওয়াঙ হেলিকপ্টার ব্যবহার করেছেন এমন অভিযোগের তদন্ত করছেন তারা।
বিশ্বের সর্বোচ্চ পর্বত শিখর জয় করতে হেলিকপ্টার ব্যবহার করা প্রচলিত ঐতিহ্যের গুরুতর লঙ্ঘণ।
কিন্তু শিখর জয় করতে হেলিকপ্টার ব্যবহার করার কথা অস্বীকার করেছেন ওয়াঙ।
