২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবে যাওয়া কোরীয় ফেরির মালিকের মেয়ে গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার ডুবে যাওয়া ফেরির পলাতক মালিক ব্যবসায়ী ইয়ো বায়ুঙ-ইউন এর কন্যাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 02:10 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সূত্রে ফরাসি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের বাসভবন থেকে ৪৭ বছর বয়সী ইয়ো সোম-না’কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বিবিসি।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, সোম-নাকে কোরিয়ার কাছে প্রত্যাপর্ণ করবে ফ্রান্স।

চলতি বছরের এপ্রিলে ওই ফেরি দুর্ঘটনায় প্রায় ৩শ’ মানুষ মারা যান, যাদের অধিকাংশই একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। দুর্ঘটনার সময় সেউল নামের ওই ফেরিটিতে ৪৭৬ জন যাত্রী ছিলেন।

যাত্রীদের মধ্যে ১৭৪ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকাজ শেষ হওয়ার পরও ৫৮ জন যাত্রীর কোনো হদিস পাওয়া যায়নি।

সোম-না’কে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত তাকে হেফাজতে রাখা হবে কিনা, এ সিদ্ধান্ত বুধবার জানাবেন এক বিচারক।

সোম-না’কে কোরিয়ায় ফেরত পাঠাতে কয়েক মাস লেগে যেতে পারে, তবে তিনি যদি এই আদেশের বিরোধিতা করে উচ্চ আদালতে আবেদন করেন, তাহলে আরো বেশি সময় লাগতে পারে।

নিরাপত্তা সতর্কতা অগ্রাহ্য করে অতিরিক্ত ভর বহন করায় জাহাজ কোম্পানির মালিক ইয়ো বায়ুঙ এর বিরুদ্ধেও আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তাকে ধরার জন্য ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।