২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের মুখে জিএসকে

যুক্তরাজ্যের সবচেয়ে বড় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লাক্সোস্মিথক্লাইনের (জিএসকে) বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা শুরু করেছে দেশটির গুরুতর দুর্নীতি ও প্রতারণা তদন্ত দপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 01:27 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড অফিসের (এসএফও) তদন্ত শুরুর কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জিএসকে। কী কী বিষয়ে তদন্ত হচ্ছে সে বিষয়ে ফ্রড অফিসও বিস্তারিত কিছু বলেনি।

“সর্বোচ্চ নৈতিক মানদণ্ড বজায় রেখে জিএসকে ব্যবসা পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এসএফওকে তদন্তে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখা হবে,” বলা হয়েছে কোম্পানিটির এক বিবৃতিতে।

তবে নাম প্রকাশ না করে তদন্ত সংশ্লিষ্ট একজন বলেছেন, ব্যবসায়িক কর্মকাণ্ডে জিএসকের  ‘নানা ধরনের আইনভঙ্গের’ বিষয়টি খতিয়ে দেখছে ফ্রড অফিস।

চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের অর্থ দেয়ার মাধ্যমে ব্যবসায়িক সুবিধা আদায়ের অভিযোগে  জিএসকের বিরুদ্ধে গত বছর তদন্ত শুরু করে  চীন। সম্প্রতি ইরাক ও পোল্যান্ডেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। 

চলতি মে মাসেই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে জিএসকের ওষুধ চালানোর অভিযোগে দেশটিতে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালনা বিভাগের প্রধান মার্ক রেইলিকে অভিযুক্ত করেছে চীন।

চীনা কর্তৃপক্ষ বলছে, মার্ক রেইলি তার কর্মীদের উৎকোচ দিতে নির্দেশ দিয়েছিলেন এবং তার মাধ্যমে প্রতিষ্ঠানটি অবৈধভাবে ১৫ কোটি ডলার আয় করেছে।  

একই ঘটনায় চীনা বংশোদ্ভূত দুই জিএসকে কর্মকর্তাও অভিযুক্ত হয়েছেন।

চীনা কর্তৃপক্ষ জিএসকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর পরপরই যুক্তরাজ্যের নাগরিক রেইলিকে শীর্ষ পদ থেকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটি।

গত জুলাইতে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জিএসকে বলে, “চীনে আমাদের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা আমাদের কাজের প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে অবগত থাকলেও তারা নিয়ম-বহির্ভূতভাবে কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে, যা চীনের আইনও ভঙ্গ করেছে।”

ইউরোপ ও আমেরিকার প্রধান ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক বছরগুলোতে চীনে গবেষণা কেন্দ্র চালুর পাশাপাশি বিক্রয় প্রতিনিধি নিয়োগ করে।

যুক্তরাষ্ট্রের পরেই ওষুধের বাজারের দিক থেকে চীনের অবস্থান। এরপরেই রয়েছে জাপান।

কিন্তু চীনে বিদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বাজার ধরার প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই দেশটির সরকার এসব প্রতিষ্ঠানকে তাদের পণ্যের দামের কমাতে চাপ দিয়ে আসছে।

চীনা কর্তৃপক্ষের অভিযোগ, ক্ষতিপূরণের নামে বাস্তবে সংঘটিত না হলেও বিভিন্ন কনফারেন্সে যোগ দেয়ার ভ্রমণ ভাতা ও বক্তব্য দেয়া দেখিয়ে চিকিৎসকদের অর্থ দিয়েছে জিএসকে।

এছাড়া চীনের বাজারে ওষুধের দাম বৃদ্ধির পিছনে জিএসকের হাত রয়েছে বলে ধারণা তাদের।

গত ডিসেম্বরে জিএসকের এক ঘোষণায় বলা হয়, বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত তাদের বিক্রয় কর্মীদের ক্ষতিপূরণের যে ব্যবস্থা রয়েছেন তাতে পরিবর্তন আনা হচ্ছে।

তাদের ঘোষণায় বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী ওষুধ বিক্রয় প্রতিনিধিদের বোনাস বা ভাতা বৃদ্ধির বিষয়টি এখন থেকে আর ‘বিক্রির টার্গেট’ র ওপর নির্ভর করবে না।   

এর বিপরীতে বিক্রয় প্রতিনিধিদের ওষুধ সম্পর্কে জ্ঞান, সেবার মান এবং স্বচ্ছতা, কাজের প্রতি একাগ্রতা, শ্রদ্ধা ও রোগীর প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব দেয়ার প্রতিষ্ঠানের যে নীতি রয়েছে তা  অনুসরণের ভিত্তিতে তাদের বেতন-ভাতা বাড়ানো হবে।

গত মাসে ইরাকে নিজেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করার ঘোষণা দেয় জিএসকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশের পর জিএসকের একটি বিবৃতিতে বলা হয়, ইরাকে নিজেদের পণ্য বিক্রি করতে সরকারি চিকিৎসকদের ভাড়া করা এবং আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তাদের অর্থ দেয়ার মাধ্যমে জিএসকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আইন লংঘন করে থাকতে পারে বলে তাদের সতর্ক করা হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানের থেকে বাড়তি সুবিধা পাওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের উৎকোচ না দিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে কঠোর আইন রয়েছে।

গত মাসে বিবিসি’র এক প্যানোরোমায় বলা হয়, পোল্যান্ডে ঘুষ কেলেঙ্কারি সংক্রান্ত একটি তদন্ত চলছে জিএসকের বিরুদ্ধে।

২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ঘুষ লেনদেনে ১১ চিকিৎসক এবং জিএসকের এক ব্যবস্থাপক অভিযুক্ত হয়েছেন বলে এতে বলা হয়।

এ বিষয়ে জিএসকে জানায়,  পোল্যান্ডে শ্বাস-প্রশ্বাসের সমস্যাজনিত চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার মানদণ্ড ও মেডিকেল ট্রেইনিং সংক্রান্ত একটি কর্মসূচিতে তাদের একজন কর্মীর ‘সন্দেহজনক যোগাযোগের’ প্রমাণ পাওয়া গেছে।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে পোল্যান্ডের ওই প্রকল্প চলেছে। পরামর্শক হিসেবে থাকা চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেয়ার কথা বলে টাকা দেয়া হয়েছে বলে জিএসকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

পুরনো খবর:

হরলিক্স ‘প্রতারণা’