থাইল্যান্ডে আটক ১২৪ নেতাকর্মীর মুক্তি
থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের পর আটক রাজনৈতিক নেতাকর্মীদের ১২৪ জনকে মুক্তি দেয়া হয়েছে বলে জান্তা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতকেও কার্যত মুক্তি দেয়া হয়েছে বলে জানা গেছে।
সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে বুধবার বিবিসি’র খবরে বলা হয়, সেনা প্রশাসনের পক্ষ থেকে ২৫৩ জনকে রিপোর্ট করতে (হাজির হতে) বলা হয়েছিল। তবে ৫৩ জন তাদের আদেশে সাড়া দেয়নি। হাজিরা দেয়াদের মধ্যে ৭৬ জনকে আটক রাখা হয়েছে।
রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকাসহ আরো কিছু শর্তে রাজি হওয়ার পর ওই ১২৪ জনকে মুক্তি দেয়া হয়। ওদিকে, ইংলাককে মুক্তি দেয়া হলেও তার দৈনন্দিন চলাফেরায় কিছু নিষেধাজ্ঞা রয়েছে।
থাইল্যান্ডের রাজ কর্তৃপক্ষ সোমবার সামরিক প্রশাসনকে সমর্থন দেয় । সেনাবাহিনী জানিয়েছে, বিরোধী দলের কিছু নেতাকর্মীকে আগেই মুক্তি দেয়া হয়েছে। এছাড়া সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সমর্থক কিছু ‘লাল শার্ট’ কর্মীকেও মুক্তি দেয়া হয়েছে।
তবে বিবিসি’র প্রতিবেদক জানান, যে ১২৪ জনকে আটক করা কিংবা মুক্তি দেয়া হয়েছে তারা রাজনীতিতে অতটা প্রভাবশালী নন।
থাইল্যান্ডে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে গত ২২ মে দেশটির ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। গত নভেম্বর থেকে দেশের চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক শাসকরা।
