২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান তালেবানে ভাঙন

পাকিস্তানি তালেবান দলে ভাঙন দেখা দিয়েছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে বেরিয়ে গেছে মেহসুদ গ্রুপ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 08:21 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

এ গ্রুপটি এখন ‘তেহরিক তালেবান সাউথ ওয়াজিরিস্তান’ নামে তাদের নিজস্ব দল গঠনের ঘোষণা দিয়েছে। ২০০৭ সালের পর পাকিস্তানি তালেবানে এটি বড় ধরনের ভাঙন।

নতুন দলের মুখপাত্র আজম তারিক মেহসুদ সাংবাদিকদের জানান, টিটিপি নেতাদেরকে ‘অনৈসলামিক’ কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টায় ব্যর্থ হয়ে মেহসুদ গ্রুপ আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তারিক বলেন, “আমরা জনসমাগম এলাকায় বোমা হামলা, চাঁদাবাজি এবং অপহরণকে অনৈসলামিক কাজ বলে মনে করি। টিটিপি নেতারা এসব কাজ চালিয়ে যাওয়ার কারণে আমরা এর দায়ভার বহন না করার সিদ্ধান্ত নিয়েছি”।

২০০৯ সালে টিটিপি’র প্রতিষ্ঠাতা বায়তুল্লাহ মেহসুদ চালক বিহীন বিমান হামলায় নিহত হওয়ার পর থেকে দলটিতে বিভক্তি দেখা দেয়। তাছাড়া গত কয়েক সপ্তাহে টিটিপি’র অব্যন্তরীন রক্তক্ষয়ী সংঘর্ষে অনেক যোদ্ধা মারাও গেছে। এরপরই দলটি ভেঙে যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।

বিশ্লেষকরা বলছেন, এ ভাঙন পাকিস্তান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়ক হতে পারে।