মোদি সরকারের পাঁচটি বড় চ্যালেঞ্জ
লোকসভা নির্বাচনে বিশাল জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিন্দু জাতীয়তাবাদী নেতা নরেন্দ্র মোদি।
প্রায় একমাস ব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে মোদির জনপ্রিয়তা গণমাধ্যমে সাড়া জাগিয়েছে।আবার নির্বাচনে জয়ের পর শপথ নেয়ার আগ পর্যন্ত তার ভূমিকাও ছিল ব্যতিক্রমী।
মোদিই প্রথম তার দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসার নেতৃত্ব দিয়েছেন। তার শপথ অনুষ্ঠানেই প্র্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধান ও তাদের প্রতিনিধিরা হাজির হয়েছেন।
তবে শপথের পর ভারতের জনগণ ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর তীক্ষ্ণ দৃষ্টি এখন মোদির সফলতার রূপকল্পের দিকে।
কারণ, ভারতজুড়ে নির্বাচনী প্রচারণায় অনেক সংস্কার আর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন গুজরাটের সাবেক এই মুখ্যমন্ত্রী। তাছাড়া, অবৈধ অভিবাসীদের তাড়ানোসহ অন্যান্য কয়েকটি স্পর্শকাতর বিষয়ে কথা বলেও নির্বাচনের সময়জুড়ে আলোচনায় থেকেছেন তিনি।
তবে নতুন প্রধানমন্ত্রী মোদি ব্যবসায়িক মনোভাবাপন্ন হওয়ায় তাকে নিয়ে আশাবাদী ভারতের ভোটার এবং বিদেশি বিনিয়োগকারীরা। কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে সংঘটিত রক্তক্ষয়ী দাঙ্গার জন্য সমালোচনা বয়ে বেড়াচ্ছেন মোদি। ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্ম ‘হিন্দুধর্মের’ প্রতি কঠোর অনুরাগের জন্যও তিনি বিশেষভাবে চিহ্নিত।
আর তাই ক্ষমতায় বসার প্রথম মাসে অর্থাৎ শুরুতেই সবচেয়ে বড় পাঁচটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বহুল আলোচিত-সমালোচিত প্রধানমন্ত্রী মোদিকে।
অর্থনীতি
উন্নয়নশীল দেশ থেকে উন্নত বিশ্বের কাতারে দাঁড়ানোর প্রতিযোগিতায় থাকা ভারতের অর্থনীতি পুনরুদ্ধার করাই হবে মোদির প্রথম কাজ।
১৯৮০ দশকের পর প্রথমবারের মতো ভারতের অর্থনীতি সবচেয়ে মন্দা পরিস্থিতি মোকাবেলা করছে। অপরিশোধিত ব্যাংক ঋণ, উচ্চ সুদের হার, দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারি অর্থায়নের ক্ষেত্রে নানা ত্রুটি সারাতে হবে তাকে।
গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো ৫ শতাংশের নিচে নেমে যাওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেনে তুলতে বিদ্যুৎ, সড়ক ও রেল প্রকল্পে থমকে যাওয়া বিনিয়োগগুলোকে গতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।
প্রতিশ্রুত এ অর্থনৈতিক উন্নয়নের জন্য মোদির নতুন সরকারকে ১০টি খাতে সংস্কারের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এগুলো হচ্ছে, ১. পণ্য ও সেবা কর (জিএসটি), ২. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া, ৩. বেসরকারিকারীকরণ, ৪. ভর্তুকি, ৫. শ্রম, ৬. প্রতিরক্ষা, ৭. বিমা, ৮. ব্যাংকিং, ৯. বিদ্যুৎ ও ১০. গ্যাস।
ভারতের অপ্রত্যক্ষ কর সংস্কার, আরবিআই আইনে পরিবর্তন আনা ছাড়াও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে এবং রেটিংয়ের পতন ঠেকাতে মৌলিক পণ্যগুলোর ওপর ভর্তুকি দেয়ার পন্থা নিয়ে মোদির নতুন সরকারকে পরীক্ষা-নীরিক্ষা চালাতে হবে।
শ্রম ব্যবস্থা সংস্কারের জন্য শ্রম আইনে পরিবর্তন আনতে হবে মোদি সরকাকে, যদিও আইনে পরিবর্তন রাজনৈতিকভাবে কঠিন হবে। প্রতিরক্ষা খাতে আরো বিদেশি বিনিয়োগ টানার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে নতুন সরকারকে।
ভারতের সাড়ে চার হাজার কোটি ডলারের বিমা খাতে বিদেশি বিনিয়োগের সীমা ২৬ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করার উদ্যোগ নিতে হবে মোদিকে।
ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ মন্দ ঋণ থাকায় অর্থনীতির গতি শ্লথ হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। নতুন সরকারকে এসব মন্দ ঋণ পুনরুদ্ধারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সহায়তা করতে হবে।
ভারতজুড়ে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থারর উন্নয়নে মনোনিবেশ করা ছাড়াও জনগণকে সন্তুষ্ট রেখে গ্যাসের মূল্য নির্ধারণের বিষয়টিও মাথায় রেখে কাজ করতে হবে নতুন সরকারকে।
প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক
সোমবার মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন ভারতের প্রতিবেশীদেশগুলোর সরকার প্রধানরা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে ও আরেক গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও তার শপথ অনুষ্ঠানে ছিলেন। এ ধরনের শপথ অনুষ্ঠান মোদির দক্ষিণ এশিয়ার অঞ্চলিক নেতা হওয়ার অভিলাষেরই বহি:প্রকাশ।
তবে এর আগে সবসময়িই পাকিস্তান বিরোধী অবস্থানে ছিলেন বিজেপি নেতারা। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বিগত সরকারের কূটনৈতিক যোগাযোগ বা পদক্ষেপও বিরোধিতার চোখে দেখেছে দলটি। কিন্তু এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে মোদির সৌহার্দপূর্ণ এবং ফলপ্রসু বৈঠক হয়েছে। অন্তত সেরকমটিই জানিয়েছেন নওয়াজ। এর সূত্র ধরে আগামী দিনগুলোতে দু’দেশের সম্পর্কে আরো সফলতা আসে কিনা সেটি এখন দেখার বিষয়।
আরেক প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে সম্পর্কটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে ভারতের নতুন সরকারের জন্য। অন্তর্জাতিক বাহিনীর সদস্যদের বিদায় নেয়ার পাশাপাশি তালেবান জঙ্গি মোকাবেলায় নিজস্ব সক্ষমতা অর্জনের পথে রয়েছে কাবুল। এর মধ্যেই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর আফগানিস্তানে একটি ভারতীয় কনস্যুলেটে জঙ্গি হামলা হয়েছে।
এছাড়া, বিশ্বের গুরুত্বপূর্ণ দুই শক্তি চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কের মাত্রা ঠিক করতে হবে মোদিকে। দ্বিপক্ষীয় বাণিজ্যের কয়েকটি বিষয় ও নিউ ইয়র্কে ভারতীয় কূটনীতিককে হয়রানির কারণে বিশ্বের দুই বৃহত্তর গণতন্ত্রের দেশের দ্বিপাক্ষিক কূটনীতি শীতলতার মধ্য দিয়ে যাচ্ছে।
ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা
নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে মোদি বলেছিলেন, তিনি সব ভারতীয়ের জন্য কাজ করে যাবেন। তবুও ভারতের মোট জনসংখ্যার ১৫ শতাংশ অর্থাৎ মুসলিম জনগোষ্ঠীর ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি কতটুকু নিশ্চিত থাকবে মোদি সরকারের কাছে সে বিষয়টি নিয়েও শঙ্কা আছে।
লোকসভা নির্বাচনের প্রচারণার সময় ‘অবৈধ অভিবাসীদের’ তাড়ানোর কথা বলে বার বার বক্তব্য দিয়েছিলেন মোদি। প্রতিবেশী মুসলিম দেশ বাংলাদেশ থেকে আসা মুসলিমদেরকে নিজ বক্তব্যের লক্ষ্যবস্তু বানিয়ে হিন্দু শরাণার্থীদেরকে ভারতের পারিবারিক সদস্য বলেও দাবি করেন মোদি।
২০০২ সালে গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গার জন্য এখনো দায়ী করা হচ্ছে মোদিকে। এ দায় মাথায় নিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষার দিকটিতে সরকারের অবস্থান ঠিক করতে হবে মোদিকে।
অভ্যন্তরীণ নিরাপত্তা
ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি হচ্ছে মাওবাদী বি্দ্রোহীরা। ভারী অস্ত্র, হাত গ্রেনেড ও গেরিলা যুদ্ধ দল রয়েছে মাওবাদীদের। ভারতের অপেক্ষাকৃত খনিজ সম্পদে সম্বৃদ্ধ অঞ্চলগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা।
ভারতের শীর্ষস্থানীয় খনিজ লোহা উত্তোলন প্রতিষ্ঠান এনএমডিসি লিমিটেড ও কয়লা উৎপাদন কোম্পানি কোয়েল ইন্ডিয়াকে মাওবাদীদের কাছ থেকে নিরাপত্তায় বিপুল অর্থ খরচ করতে হয়। এছাড়া, অন্যান্য মাঝারি ও খুদ্র বাণিজ্যিক প্রতিষ্ঠানও মাওবাদীদের কর দিয়ে চলে।
রাজ্য-কেন্দ্র সম্পর্ক
নতুন কেন্দ্রেীয় সরকারকে অরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে হবে। আর তা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক নির্ধারণ। কেন্দ্রে সব সময় রাজ্য সরকারের সঙ্গে ‘বিগ ব্রাদার’ সুলভ আচরণ করে বলে রাজ্যের অভিযোগ।
এর আগে অর্থনৈতিক ক্ষমতা হারানোর ভয়ে কেন্দ্রীয় সরকারের ‘গুডস অ্যান্ড সার্ভিস চার্জ’ (জিএসটি) নামের একটি করখাতের আয়সীমা বাড়ানোর প্রস্তাবে সায় দিতে বিলম্ব করা হয়েছে কয়েকটি রাজ্যের পক্ষ থেকে। অথচ জিএসটি সফল হলে তা ভারতের অর্থনীতিতে দুই শতাংশ প্রবৃদ্ধি আনত বলে অর্থনীতিবিদদের ধারণা। আগের সরকারের সন্ত্রাস বিরোধী একটি উদ্যোগ থামিয়ে দিয়েছিলে বিরোধী দলীয় মুখ্যমন্ত্রীরা।
